‘লে সেরাফিম’ থেকে বাদ পড়া কিম এবার অভিনয়ে

চার বছর আগে জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ‘লে সেরাফিম’ থেকে বাদ পড়েছিলেন কিম গা-রাম। স্কুল বুলিং বা সহপাঠীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী এবং প্রাক্তন কে-পপ গায়িকার বিরুদ্ধে। ২১ বছর বয়সী এই তারকা গায়িকা থেকে অভিনেত্রী হিসেবে নিজের নতুন ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কোরিয়ান বিনোদন সংস্থা ‘ম্যানেজমেন্ট কু’ আনুষ্ঠানিকভাবে কিম গা-রামের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এক বিবৃতিতে এজেন্সিটি জানায়, ‘আমরা ইউটিউবে কিমের কার্যক্রম লক্ষ্য করেছি এবং অভিনয়ের প্রতি তার আন্তরিক দৃষ্টিভঙ্গি ও সম্ভাবনা আমাদের মুগ্ধ করেছে। নিজের স্বপ্নের প্রতি তার নিরলস প্রচেষ্টা আমাদের এই সিদ্ধান্ত নিতে বড় ভূমিকা রেখেছে।’
২০২২ সালে হাইব লেবেলস-এর অধীনে সোর্স মিউজিকের অধীনে ‘লে সেরাফিম’ সদস্য হিসেবে যোগ দিয়েছিলেন কিম। কিন্তু মাত্র দুই সপ্তাহের মধ্যে স্কুলজীবনের বুলিংয়ের অভিযোগে তার কার্যক্রম স্থগিত করা হয়। এরপর ২০২২ সালের জুলাই মাসে তিনি গ্রুপ ছাড়েন এবং তৎকালীন এজেন্সি ‘সোর্স মিউজিক’ তার চুক্তি বাতিল করে।
বিতর্ক কাটিয়ে ২০২৪ সালে কোনকুক ইউনিভার্সিটির ‘মিডিয়া অ্যাক্টিং’ বিভাগে ভর্তি হন কিম গা-রাম। এরপর গত মার্চ মাসে নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে অভিনয়ের অনুশীলন এবং দৈনন্দিন জীবনের নানা ভিডিও শেয়ার করতে শুরু করেন।
বর্তমানে কিম তার অভিনয়ের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ইংরেজি, জাপানি ভাষা ও গিটার শিখছেন। ম্যানেজমেন্ট কু জানিয়েছে, কিমের নতুন পথচলায় তারা পূর্ণ সমর্থন দেবে। পাশে পাচ্ছেন ‘ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ’ খ্যাত অভিনেতা হা সিয়োক-জিন এবং ‘নো আদার চয়েস’ খ্যাত কওন হিউকের মতো জনপ্রিয় অভিনেতাদের।
