logo

শাকিরার সর্ববৃহৎ কনসার্টের রেকর্ড

শাকিরার সর্ববৃহৎ কনসার্টের রেকর্ড

শাকিরা ইসাবেল মেবারাক রিপোই। তবে সবাই তাকে চেনেন 'কুইন অব লাতিন মিউজিক' হিসেবেই। তিনি একাধারে কলম্বিয়ান গায়িকা-গীতিকার, সুরকার, সংগীত প্রযোজক ও নৃত্যশিল্পী। সংগীত জগতে নতুন মাত্রা যোগ করা এই শিল্পী সব ছাপিয়ে গড়েছেন নতুন রেকর্ড। এবার সর্ববৃহৎ কনসার্টের তালিকায় নাম লেখালেন এই পপ আইকন। 

মেক্সিকো সিটির জোকালোতে চার লাখেরও বেশি মানুষের সামনে স্টেজ পারফরম্যান্স করেছেন, যা আইকনিক স্কোয়ারে রেকর্ড করা সবচেয়ে বেশি জনসমাগম। কনসার্টটি বিনামূল্যে উপভোগ করেন দর্শক-শ্রোতা। শাকিরার এই পারফরম্যান্স যেন হয়ে ওঠে জনসমুদ্রের ড্যান্সফ্লোর।

শাকিরার কনসার্ট ঘিরে মেক্সিকো সিটি পরিণত হয়েছিল উৎসবের নগরীতে। মেক্সিকোর সব অঞ্চল থেকেই ভক্তরা তারকার এই জমকালো পরিবেশনা দেখতে এসেছিলেন। শুধু মঞ্চ এলাকাই নয়, আশপাশের রাস্তাগুলোও ছিল মানুষে ঠাসা। মোড়ে মোড়ে বিশাল পর্দা স্থাপন করা হয়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিকে সামলানোর জন্য আলামেডা সেন্ট্রাল ও মনুমেন্ট টু দ্য রেভোলিউশনে অতিরিক্ত জায়গা নির্ধারণ করা হয়েছিল। সূত্র: ফিমেল ফার্স্ট ইউকে

সিয়াসট ডেইলির বরাতে জানা যায়, কলম্বিয়ান শিল্পী বিলের সঙ্গে ‘ওয়াকা ওয়াকা’ তারকার নতুন প্রজেক্ট ‘অ্যালগো তু’-এর আত্মপ্রকাশ করা হয় ওই কনসার্টে। আগামী ৪ মে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে। মেক্সিকোর বিশাল কনসার্টে তাদের এ ঘোষণা শ্রোতা-ভক্তদের মধ্যে আরও উচ্ছ্বাসের আবহ এনে দেয়। হিপস ডোন্ট লাই, ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা) এবং ডোন্ট বোদারের মতো হিট গান গেয়ে শাকিরা দর্শকরা উচ্ছ্বসিত করে তোলেন। একই সঙ্গে চলে তার ভুবনভোলানো ড্যান্স। শাকিরার এই পারফরম্যান্স জোকালোকে বিশ্বের অন্যতম বৃহৎ ড্যান্সফ্লোরে পরিণত করে।

শাকিরা আগামী ২ মে ব্রাজিলের কোপাকাবানা বিচে বিনামূল্যে টোডো মুন্ডো নো রিও কনসার্টের অংশ নেবেন। এর আগে আগামী মাসে ভারত সফর করবেন। মেক্সিকোয় এই আয়োজন তার এ বছরের বিশ্বব্যাপী পারফরম্যান্স পরিকল্পনার অংশ। শাকিরাকে ২০২৬ সালের রক অ্যান্ড রোল হল অব ফেমের জন্য মনোনীত করা হয়েছেন।