৩৮ দিন পর প্রকাশ্যে জনপ্রিয় গায়িকার মৃত্যু খবর

মাত্র ৩৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘পার্টি রক অ্যান্থেম’ দিয়ে দারুণ পরিচিতি পেয়েছিলেন ব্রিটিশ গায়িকা লরেন বেনেট।
ইউএসএ টুডে’র রিপোর্ট অনুযায়ী, লরেনের মৃত্যু হয়েছে ২৯ মে। তবে এতদিন খবরটি গোপন রেখেছিল পরিবার। অবশেষে ৩৮ দিন পর খবরটি প্রকাশ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) লরেনের সাবেক ব্যান্ড ‘জি.আর.এল’-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি আবেগঘন বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় লরেন আর নেই। আমাদের হৃদয় ভেঙে গেছে। সে আমাদের কাছে কতটা মূল্যবান ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
আরও বলা হয়, লরেন আমাদের যে ভালোবাসা, হাসি আর অসংখ্য স্মৃতি দিয়ে গেছে, আমরা তা আজীবন লালন করব। তার সুন্দর মন বহু মানুষের জীবন ছুঁয়ে গেছে। তাকে আমরা গভীরভাবে মিস করব এবং চিরকাল ভালোবাসব। শান্তিতে ঘুমাও, প্রিয় লরেন। তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে।
বিবৃতির শেষে স্বাক্ষর করেন ব্যান্ডের সদস্য এমালিন এস্ট্রাডা, নাতাশা স্লেটন ও পাউলা ভ্যান ওপেন। তবে বার্তায় লরেন বেনেটের মৃত্যুর কারণ জানানো হয়নি।




