logo

ফেরদৌস ওয়াহিদ ও মানিকের অন্ধকারে আশাজাগানিয়া গান ‘সূর্যবার’

ফেরদৌস ওয়াহিদ ও মানিকের অন্ধকারে আশাজাগানিয়া গান ‘সূর্যবার’

হতাশা, সংকট আর স্বপ্নভঙ্গের বিপরীতে মানুষের মনে আশার আলো জাগানোর বার্তা নিয়ে প্রকাশিত হয়েছে নতুন গান ‘সূর্যবার’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও আমিরুল মোমেনীন মানিক। ‘মানিক মিউজিক’ শিরোনামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

গানটির কথা লিখেছেন আমিরুল মোমেনীন মানিক। সুর করেছেন পিজিত মহাজন। সংগীতায়োজনে ছিলেন অটোমনাল মুন।

‘সূর্যবার’ গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, মানুষের জীবনে প্রতিনিয়ত স্বপ্নভঙ্গ ও বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটছে। নানা কারণে মানুষ হতাশ হয়ে পড়ছে। এসব হতাশা ও অন্ধকারের বিপরীতে মানুষের মনে আশার আলো জাগাতেই ‘সূর্যোদয়’ শিরোনামের গানটি করা হয়েছে।

গানটির কথা ও সুরের প্রশংসা করে তিনি বলেন, ‘গানটির যেমন কথা, তেমনই সুর। এক কথায় অসাধারণ। বহুদিন পর এ ধরনের বাস্তববাদী গানে কণ্ঠ দিলাম।’ তার বিশ্বাস, এই গান ইতিবাচক পরিবর্তনের পক্ষে বাংলা গানের যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেবে।

ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয়তার গল্প

আশির দশকে পপসংগীত দিয়ে শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন ফেরদৌস ওয়াহিদ। সে সময় তার গাওয়া ‘এমন একটা মা দে না’, ‘মামুনিয়া’ ও ‘আগে যদি জানতাম’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়েও সংগীতে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদও সংগীতায়োজন ও শব্দসংযোজনের ক্ষেত্রে বাংলা গানে নতুন ধারা তৈরি করেছেন। আধুনিক সংগীতের নানা নিরীক্ষার মধ্য দিয়ে তিনি নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।

গান ও লেখালেখিতে মানিক

আমিরুল মোমেনীন মানিক মূলত ২০০৫ সালে ‘মা যে দশ মাস দশ দিন’ গানটির মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। এরপর কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে তাঁর গাওয়া ‘আয় ভোর’, ‘নীল পরকীয়া’ ও ‘সকাল হবে কি’ গানগুলো শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়।

গানের পাশাপাশি লেখালেখি ও সাংবাদিকতাতেও পরিচিতি রয়েছে মানিকের। ২০১২ সালে বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় প্রকাশিত তাঁর বই ‘বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক’ বেস্টসেলার হয়।

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে তিনি ‘ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড’ লাভ করেন। ইউটিউব সাংবাদিকতার ধারণা নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ‘চেঞ্জটিভি.প্রেস’। বর্তমানে তিনি মানবাধিকার ও গণসংযোগসংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন।

নতুন গান ‘সূর্যবার’-এর মধ্য দিয়ে ফেরদৌস ওয়াহিদ ও আমিরুল মোমেনীন মানিক আবারও শ্রোতাদের সামনে তুলে ধরেছেন জীবনঘনিষ্ঠ এক বার্তা- হতাশা যতই থাকুক, আশার আলো খুঁজে নেওয়ার পথ খোলা থাকে।