চলে গেলেন গায়ক-অভিনেতা মুকুল জামিল

ঢাকাই শোবিজের পরিচিত মুখ গায়ক ও অভিনেতা মুকুল জামিল আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে সংগীত ও অভিনয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
মুকুল জামিলের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উনার প্রয়াণে আমরা গভীর শোকাহত।’
তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। গায়ক-সুরকার মোহাম্মদ মিলন মুকুল জামিলকে স্মরণ করে ফেসবুকে লিখেছেন, হঠাৎ তার চলে যাওয়ার বিষয়টি মেনে নেওয়া কঠিন। দেখা হলেই মুকুল তাকে বুকে জড়িয়ে ধরতেন এবং কপালে চুমু দিতেন বলেও স্মৃতিচারণ করেন তিনি।
মিলন আরও জানান, মুকুল জামিল ছিলেন সংগীতশিল্পী। তবে তার ‘সেলফি’ গানের মাধ্যমে প্রথমবার অভিনেতা হিসেবে মুকুলকে মডেল হিসেবে নিয়েছিলেন তিনি। এরপর মিলনের একাধিক গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মুকুল।
ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি আগ্রহ ছিল মুকুল জামিলের। বোনের হাত ধরে সংগীতজগতে তার পথচলা শুরু। ক্যারিয়ারে ৩০টির বেশি মিক্সড অ্যালবামে কাজ করেছেন তিনি। প্রকাশিত হয়েছে তার একক অ্যালবাম ‘আমি তো এমনই’। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’। ‘চায়ের চুমুকে’ গানটিও এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিয়মিত ছিলেন মুকুল জামিল। বেশ কয়েকটি মিউজিক ভিডিওর পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ওয়েডিং বেলস’ (২০১৯), ‘আমানুষ’ (২০২২) ও ‘ছাত্রী বউ’ (২০২৪)।

