logo

মসজিদের মাইকে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে?

মসজিদের মাইকে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে?

মসজিদের মাইকে হারানো বিজ্ঞপ্তি বা কোনো কিছু পাওয়ার ঘোষণা দেওয়া সম্প্রতি ব্যাপক আকার ধারণ করেছে। বিশেষ করে গ্রামের মসজিদগুলোতে এসব ঘোষণা দেওয়ার ব্যাপারটি বেশি শোনা যায়। কোনো কিছু হারিয়ে গেলে লোকজন দৌড়ে মসজিদে চলে আসে। মসজিদের মাইকে দেওয়া হয় হাঁস-মুরগি, ছাগল-গরু ও টাকা-পয়সা হারানোর ঘোষণা। 

ইসলামি শরিয়তে, মসজিদের মাইকে হারানো জিনিসের বিজ্ঞপ্তি বা ঘোষণা দেওয়া জায়েজ নয়। ইসলাম এটাকে সমর্থন করে না। তবে জাতীয় বা সামাজিক ইস্যুর কোনো বিষয় হলে ঘোষণা দেওয়া যাবে। 

ইসলামি গবেষকরা বলেন, ‘মসজিদের বাইরে হারিয়ে যাওয়া বা পাওয়া বস্তুর ঘোষণা মসজিদে এসে করা বৈধ নয়। হাদিসে এ বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে যদি কোনো মানুষ বা বাচ্চা হারিয়ে যায়, তাহলে তার সৃষ্টিগত সম্মানের কারণে ঘোষণা দেওয়ার সুযোগ আছে।’ (ফাতাওয়া হিন্দিয়া, খণ্ড: ২, পৃষ্ঠা: ৪৫৯; রদ্দুল মুহতার, খণ্ড: ১, পৃষ্ঠা: ৬৬০)

হজরত মুহাম্মদ (সা.) মসজিদে হারানো জিনিসের ঘোষণা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ‘কেউ মসজিদে হারানো বিজ্ঞপ্তি শুনলে সে যেন বলে আল্লাহ যেন তোমাকে জিনিসটি ফেরত না দেন। কারণ, এ কাজের জন্য মসজিদ বানানো হয়নি।’ (মিশকাতুল মাসাবিহ, হাদিস: ৭০৬) 

রাসুলুল্লাহ (সা.) একদিন মসজিদে বসে আছেন। এ সময় এক ব্যক্তি মসজিদে হারানো জিনিসের ঘোষণা দিচ্ছিল। তখন রাসুলুল্লাহ (সা.) তাকে বললেন, ‘তুমি তা পেলে না।’ কারণ, হারানো বিজ্ঞপ্তি দেওয়ার জায়গা মসজিদ নয়। এসব হাদিসে মসজিদে হারানো বিজ্ঞপ্তি দিতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। 

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে ‘মসজিদের মাইকে হারানো জিনিসের কথা বলা যাবে কি না’ প্রশ্নের জবাবে বলেন, ‘মসজিদের মাইকে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে না। এটা জঘন্য গুনাহের কথা। জাতীয় ইস্যু বা গোটা সমাজের কোনো ইস্যু হলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যাবে। বিপদের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য মসজিদের মাইকে সতর্ক করা জায়েজ আছে। মসজিদের মাইকে কোনো হারানো জিনিসের কথা বলা যাবে না।’