যে আমলের প্রতিদান আল্লাহ বিনা হিসাবে দেবেন

আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। আল্লাহ মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত-আমল অব্যাহত রাখার কথা বলেছেন। যারা আল্লাহর আদেশ যথাযথ মেনে চলবে, তাদের দুনিয়া ও আখেরাতে আল্লাহ সফলতা দেবেন।
আল্লাহর আদেশ ও হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ মতে চললে প্রতিটি কাজের বিনিময়ে পাওয়া যায় সওয়াব। কোনো কাজের বিনিময়ে পাওয়া মেলে দশ সওয়াব, কোনোটার বিনিময়ে পাওয়া যায় অগণিত সওয়াব আবার কোনো কাজের বিনিময় আল্লাহ দেন হিসাবছাড়া।
একটি ভালো কাজের বিনিময়ে দশগুণ সওয়াব
একটি ভালো কাজের বিনিময়ে দশগুণ সওয়াব পাওয়া যায়। কোরআনে আছে, ‘যে একটি সৎকাজ নিয়ে আসবে, তার জন্য রয়েছে দশগুণ পুরস্কার। আর যে একটি মন্দকাজ নিয়ে আসবে, তাকে শুধু সমান প্রতিদানই দেওয়া হবে এবং তাদের প্রতি অবিচার করা হবে না।’ (সুরা আনয়াম, আয়াত: ১৬০)
আল্লাহর পথে ব্যয়ে ৭০০ গুণ প্রতিদান
ইসলামে দান-সদকা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর পথে ব্যয়ে ৭০০ গুণ প্রতিদান পাওয়া যায়। আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি শস্যদানার মতো যা থেকে সাতটি শীষ জন্মে এবং প্রতিটি শীষে ১০০টি করে দানা থাকে। আল্লাহ যার জন্য ইচ্ছা করেন আরও বাড়িয়ে দেন।’ (সুরা বাকারা, আয়াত: ২৬১)
নেক আমল বিফলে যায় না
মানুষের কোনো আমলই বিফলে যায় না। প্রতিটি আমলের বিনিময়ে সওয়াব পাওয়া যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ বলেন, ‘অতএব যে অণু পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখবে এবং যে অণু পরিমাণ মন্দ কাজ করবে, সে তাও দেখবে।’ (সুরা জিলজাল, আয়াত: ৭–৮)
ধৈর্যের প্রতিদান আল্লাহ বিনা হিসাবে দেবেন
ইসলামে ধৈর্য শুধু কষ্ট সহ্য করার নাম নয়, বরং আল্লাহর আদেশের ওপর অবিচল থাকা, পাপ থেকে নিজেকে বিরত রাখা এবং জীবনের প্রতিটি পরীক্ষায় আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তাদের সঙ্গে থাকেন। পবিত্র কোরআনে আছে, ‘হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৩)
অন্য অনেক নেক আমলের প্রতিদান আল্লাহ পরিমিতভাবে দিলেও ধৈর্যের পুরস্কার দেন হিসাব ছাড়া। যারা কষ্ট, দুঃসময়, বিপদে ধৈর্য ধরেন, আল্লাহ তাদের হিসাবছাড়া প্রতিদান দেন। আল্লাহ বলেন, ‘বলো, হে ইমানদাররা, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। এ দুনিয়ায় যারা ভালো কাজ করবে, তাদের জন্য আছে কল্যাণ। আল্লাহর জমিন প্রশস্ত (এক এলাকায় ‘ইবাদাত-বন্দেগি করা কঠিন হলে অন্য জায়গায় চলে যাও)। আমি ধৈর্যশীলদের তাদের পুরস্কার অপরিমিতভাবে দিয়ে থাকি।’ (সুরা জুমার, আয়াত: ১০)



