logo

যেসব কারণে রোজা ভাঙে না 

যেসব কারণে রোজা ভাঙে না 

প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিম নারী-পুরুষের ওপর রমজানের পূর্ণ একমাস রোজা রাখা ফরজ। রমজান মাসের রোজা ফরজ রোজা। এ মাস মানুষকে আল্লাহর দিকে ধাবিত করার মাস। গোনাহ মাফের মাস। গোনাহ মাফের মাসে বান্দা নিজেকে আল্লাহর সামনে মেলে ধরার সুযোগ পায়। যত ইচ্ছা ইবাদত করা ও সওয়াব জোগাড় করে নেওয়ার সুযোগ পায়। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত, পবিত্র এ মাসটির যথার্থ ব্যবহারে মনোযোগী হওয়া। 

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য মিলন থেকে বিরত থাকা হলো রোজা। এ সময়ের ভেতর কিছু কাজ করলে রোজা ভেঙে যায়। আবার এমন কিছু কাজ আছে, যেগুলো করলে রোজার সমস্যা হয় না। যেসব কারণে রোজা ভাঙে না, এখানে সেগুলো উল্লেখ করা হলো—

  • অনিচ্ছাকৃত গলার ভেতর ধুলাবালি, ধোঁয়া অথবা মশা-মাছি প্রবেশ করা।  
  • অনিচ্ছাকৃত কানে পানি প্রবেশ করা।  
  • অনিচ্ছাকৃত বমি আসা অথবা ইচ্ছাকৃত অল্প পরিমাণ বমি করা (মুখ ভরে নয়)।  
  • বমি আসার পর নিজে নিজেই ফিরে যাওয়া।  
  • চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করা। 
  • ইনজেকশন নেওয়া।

 

  • ভুলক্রমে পানাহার করা। 
  • সুগন্ধি ব্যবহার করা বা অন্য কিছুর ঘ্রাণ নেওয়া। 
  • নিজ মুখের থুথু, কফ ইত্যাদি গলাধঃকরণ করা। 
  • শরীর ও মাথায় তেল ব্যবহার করা। 
  • ঠান্ডার জন্য গোসল করা। 
  • দিনের বেলায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়া। 
  • মিসওয়াক করা। 
  • স্ত্রীলোকের দিকে তাকানোর কারণে বীর্যপাত হলে। 
  • দাঁতের ফাঁকে আটকে থাকা গোশত বা যে কোনো খাবার খেয়ে ফেললে রোজা ভাঙবে না, যদি তা ছোলার দানার চেয়ে কম পরিমাণ হয়। যদি কম হওয়ার পরও মুখ থেকে বের করে পুনরায় গিলে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে। পরিমাণ বেশি হলে রোজা ভেঙে যাবে।