ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়লে শয়তান দূরে চলে যায়

প্রয়োজনে-অপ্রয়োজনে মানুষকে ঘর থেকে বের হতে হয়। এরপর থাকে ঘরে ফেরার তাড়া। এর মধ্যে আমরা সবাই নিরাপদ থাকতে চায়। বিপদ থেকে বাঁচতে চায়। নিরাপদে থাকার সবচেয়ে বড় উপায় হলো, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। তাঁর কাছে নিরাপত্তার দোয়া করা। তিনি যার নিরাপত্তার দায়িত্ব নেন, তার আর কিছুর প্রয়োজন হয় না। তাকে কোনো কিছু অসুবিধায় ফেলতে পারে না।
ঘর থেকে বের হওয়ার সময় পড়ার একটি দোয়া আছে। এটি পড়লে নিরাপদ থাকা যায়। শয়তান তার থেকে দূরে চলে যায়। হাদিসে আছে, হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়লে তাকে বলা হয়, ‘তোমাকে হেদায়াত দেওয়া হয়েছে, যথেষ্ট করা হয়েছে এবং হেফাজত করা হয়েছে।’ এ ঘোষণা শুনে শয়তান তার থেকে দূরে সরে যায়।’ দোয়াটি হলো—
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা, ইল্লা বিল্লাহি।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর ওপর ভরসা করছি। আল্লাহ ছাড়া আর কারও কোনো ক্ষমতা ও শক্তি নেই। (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৯৫)
হজরত মুহাম্মদ (সা.) ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়তেন। উম্মে সালামা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) যখনই আমার ঘর থেকে বের হতেন, তখন আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়তেন। দোয়াটি হলো—
اللَّهُمَّ إِنِّىْ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ اَوْ يُجْهَلَ عَلَىَّ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা আন আজিল্লা, আউ উজাল্লা, আউ আযিল্লা, আউ উযাল্লা, আউ আজলিমা, আউ উজলামা, আউ আজহালা, আউ ইয়ুজহালা আলাইয়া।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে পথভ্রষ্ট হওয়া বা পথভ্রষ্ট করা, গুনাহ করা বা গুনাহের দিকে ধাবিত করা, জুলুম করা বা জুলুমের শিকার হওয়া, অজ্ঞতা প্রকাশ করা বা অজ্ঞাত প্রকাশের পাত্র হওয়া থেকে আশ্রয় চাচ্ছি।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৯৪)