logo
Advertisement

সৌদি বিজয়ী হাফেজদের অভ্যর্থনা জানাল ধর্ম মন্ত্রণালয়

এশিয়া পোস্ট নিউজ
সৌদি বিজয়ী হাফেজদের অভ্যর্থনা জানাল ধর্ম মন্ত্রণালয়
সৌদি বিজয়ী হাফেজদের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী চারজন হাফেজকে অভিনন্দন জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে সাউদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) নির্দেশে বিমানবন্দরে উপস্থিত হয়ে এ সময় হাফেজদের অভ্যর্থনা জানান ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সৌদি বিজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে চারজন হাফেজ অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন। এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। বাংলাদেশ কোরআনের পাখিদের উর্বর ভূমি—এ অর্জন এরই স্মারক।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হাফেজদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাওয়ার প্রবল ইচ্ছা ছিল ধর্মমন্ত্রীর। কিন্তু অসুস্থতার কারণে যেতে না পেরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাঠান তিনি। তবে খুব দ্রুতই তাদেরকে দপ্তরে আমন্ত্রণ জানাবেন ধর্মমন্ত্রী।

হাফেজদের অভ্যর্থনা জানান মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন ও মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. মাহবুব আলম।

পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে চারজন হাফেজ অংশ নেন। ইসলামিক ফাউন্ডেশন এই প্রতিযোগীদের বাছাই করে সৌদিতে পাঠানোর ব্যবস্থা করে।

প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন হাফেজ মুহাম্মদ জাকারিয়া এবং একই গ্রুপে নারীদের মধ্যে তৃতীয় হয়েছেন রাবেতা বিনতে রমজান। মুহাম্মদ জাকারিয়া পেয়েছেন ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল এবং রাবিতা বিনতে রমজান পেয়েছেন ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।

এ ছাড়া প্রতিযোগিতার তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতেই তৃতীয় হয়েছেন শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান এবং মুসফিরা বিনতে মাহমুদ। তারা দুজনেই পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।

মুহাম্মদ জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং হাফেজ মাহমুদুল হাসান আশরাফী রাজধানীর ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। অন্যদিকে রাবেতা বিনতে রমজান রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসা এবং মুসফিরা বিনতে মাহমুদ পুরান ঢাকার ওয়ারির সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদ্রাসার শিক্ষার্থী।