logo

তথ্যসুরক্ষা ইবাদত ও গুজব রটানো পাপ

তথ্যসুরক্ষা ইবাদত ও গুজব রটানো পাপ
সৌদি আরবের মদিনার মসজিদে নববিতে তারাবি নামাজ পড়ছেন মুসল্লিরা। সংগৃহীত ছবি

আজ খতমে তারাবিতে পবিত্র কোরআনের ২৬তম পারা তেলাওয়াত করা হবে। সুরা আহকাফ, সুরা মুহাম্মদ, সুরা ফাতহ, সুরা হুজুরাত ও সুরা জারিয়াতের ১ থেকে ৩০ নম্বর আয়াত পর্যন্ত পড়া হবে। আজকের তারাবিতে যুদ্ধের হুকুম, আল্লাহর সাহায্য, তাকওয়া, কসম, ওয়াদা, মুত্তাকিদের পুরস্কার, মুমিনরা পরস্পরে ভাই ভাই, বাবা-মায়ের অনুগত্য, মহানবীর মুখে জিনদের কোরআন শোনা, গুজব রটানো, যুদ্ধবন্দীদের সঙ্গে আচরণনীতি, হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয়, কাফেরদের উত্থাপিত আপত্তির জবাব, আল্লাহর আজমত ও বড়ত্ব, সাহাবিদের প্রতি আল্লাহর সন্তুষ্টি, মানুষের সঙ্গে দুজন ফেরেশতা নিযুক্ত ইত্যাদি বিষয়ের আলোচনা রয়েছে।

সুরা আহকাফের বিষয়বস্তু
৩৫ আয়াত বিশিষ্ট সুরা আহকাফ মক্কায় অবতীর্ণ। আহকাফ অর্থ বালুকাময় উঁচু স্থান। এ সুরায় আল্লাহ তাআলার একত্ববাদ, মুহাম্মদ (সা.)-এর রিসালাত এবং আখেরাত, মক্কার কাফেরদের গোমরাহি, জিদ, গর্ব ও অহংকার, গোমরাহির ফলাফল সম্পর্কে কাফেরদের সতর্কবার্তা, বাবা-মার অনুগত বিশ্বাসী সন্তান এবং বাবা-মার অবাধ্য সন্তানের বিবরণ, নবীজির মুখে কোরআন শুনে জিনদের মুগ্ধ হওয়ার গল্প, আদ জাতি এবং তাদের ধ্বংসের ঘটনা আলোচিত হয়েছে। 

কোরআনে মুহাম্মদ (সা.)-এর নাম
সুরা মুহাম্মদ মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা ৩৮টি। এ সুরায় মুহাম্মদ (সা.)-এর নাম থাকায় এ নাম রাখা হয়েছে। এ সুরা ছাড়াও আরও তিনটি সুরায় তাঁর নাম উল্লেখ করা হয়েছে। যথা— আলে ইমরান, আহজাব ও ফাতহ। এ সুরায় মুমিন ও কাফেরদের মাঝে চির সংঘাত, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের সাহায্য, মুত্তাকিদের পুরস্কার, জিহাদ, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়ের পাশাপাশি কৃপণতা থেকে নিষেধ, ইমানদারদের পুরস্কার ইত্যাদি বিষয়ের আলোচনা রয়েছে। 

যে কাজ ধ্বংস ডেকে আনে
ধনসম্পদ আল্লাহর দান। আল্লাহ যাকে ইচ্ছা সম্পদশালী করেন, যাকে ইচ্ছা গরিব রাখেন। আল্লাহর রাস্তায় ব্যয় করা এবং অসহায়ের পাশে দাঁড়ানো সম্পদশালীর ইমানি দায়িত্ব। ইসলাম ও মানুষের উপকারে সম্পদ ব্যয়ে কৃপণতা করা যাবে না। আল্লাহর রাস্তায় ব্যয় না করে কৃপণতা করা হারাম এবং এ জন্য কোরআনে জাহান্নামের ভয় দেখানো হয়েছে। সাধারণ খাতেও খরচ না করে কৃপণতা করা উত্তমের পরিপন্থি এক অভ্যাস। কৃপণতার কারণে আগের অনেক জাতি ধ্বংস হয়েছিল। নবী (সা.) উম্মতদের এই অভ্যাস ছাড়ার তাগিদ দিয়েছেন। তিনি কৃপণতা থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতেন। 

কৃপণতা শাস্তিযোগ্য অপরাধ। আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ। মুমিনকে মিতব্যয়ী হতে হবে। অতিরিক্ত ব্যয়ও করবে না, কৃপণতাও অবলম্বন করবে না। আল্লাহ বলেন, ‘দেখ, তোমরাই তারা যাদের আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, অথচ তোমাদের অনেকে কৃপণতা করছ; যারা কৃপণতা করে তারা কৃপণতা করে নিজেদেরই প্রতি। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত, যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে তিনি অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন; তারা তোমাদের মতো হবে না।’ (সুরা মুহাম্মদ, আয়াত: ৩৮) 

সুরা ফাতহে মক্কা বিজয়ের সুসংবাদ
২৯ বিশিষ্ট সুরা ফাতহ মক্কায় অবতীর্ণ। কোরআনের ৪৯ নম্বর সুরা এটি। ফাতহ অর্থ বিজয়। ৬ষ্ঠ হিজরির জিলকদ মাসে মক্কার কাফেরদের সঙ্গে সন্ধি চুক্তি সম্পাদনের পর নবী (সা.) যখন মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন, তখন সুরাটি নাজিল হয়। আল্লাহ হুদাইবিয়ার সন্ধির ভেতরে নবী (সা.) ও মুসলমানদের যে মক্কায় বিজয় দান করেছিলেন, সে বিষয়ের সুসংবাদ দেওয়া হয়েছে এই সুরায়। 

মুমিন নারী-পুরুষের জন্য জান্নাতের ওয়াদা এবং কাফের ও মুনাফিকদের শাস্তি, হুদায়বিয়ার সন্ধিকালে মহানবীর সঙ্গে উপস্থিত সাহাবিদের প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টির ঘোষণা, খায়বার বিজয়ের সুসংবাদ প্রদান, ইসলাম ধর্ম সব ধর্মের ওপর বিজয় লাভের বিবরণ রয়েছে এ সুরায়। 

গুজব রটানো ভয়াবহ পাপ
আধুনিকোত্তর এই যুগে ব্যাপক জনপ্রিয় হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম। বিশ্বের বৃহৎ এক গোষ্ঠী সামাজিক যোগাযোগামাধ্যম ব্যবহার করে। সেখানে নানা মত, ভিন্ন আয়োজন ও হরেক রকম খবরের চর্চা হয়। বিশেষ করে আমাদের দেশে যে কোনো খবর সবকিছুর আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে। কোনো সংবাদ গ্রহণ বা প্রচার করার আগে এর সত্যতা যাচাই-বাছাই জরুরি। 

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে খবর পাওয়া গেলে গভীরভাবে দেখতে হবে, খবর পাওয়ার মাধ্যম নির্ভরযোগ্য কি না। খবরের ভিত্তিতে তৎপরতা চালানোর আগে খবরটি সঠিক কি না তা যাচাই-বাছাই করে নেওয়া নৈতিক দায়িত্ব। 

অসত্য, মিথ্যা, সন্দেহ সৃষ্টিকারী, গুজব কিংবা পরস্পরে শত্রুতা সৃষ্টি হয়—এমন কিছু পোস্ট ও প্রচার থেকে বিরত থাকতে হবে। সংবাদ যাচাই-বাছাই না করে গুজব ছড়ানো ভয়াবহ পাপ। আল্লাহ বলেন, ‘হে মুসলমানরা, যদি কোনো পাপাচারী লোক কোনো খবর নিয়ে আসে, তাহলে তা যাচাই-পরীক্ষা করে দেখবে। যেন অজ্ঞতাবশত কোনো জাতির ওপর আক্রমণ করা না হয়। এমন কাজ করলে তোমাদের নিজেদের কার্যকলাপ সম্পর্কে অনুতাপ করতে হবে।’ (সুরা হুজুরাত, আয়াত : ৬) 

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সব শোনা কথা (যাচাই-বাছাই করা ছাড়া) বলা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯৯২) 

যেসব কাজ থেকে বাঁচতে হবে
সুরা হুজুরাতের ১১ থেকে ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সামাজিক সম্প্রীতি নষ্ট করে, সমাজ জীবনে বিপর্যয় সৃষ্টি করে এমন কিছু কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। যথা—

যা আছে সুরা কফে
মক্কায় অবতীর্ণ সুরা কফ কোরআনের ৫০তম সুরা। এর আয়াত সংখ্যা ৪৫। এই অংশে কাফের-মুশরিকদের প্রতি সতর্কবার্তা, পূর্ববর্তী জাতি ধ্বংসের কারণ, ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস, মানুষের দায়িত্ব সম্পর্কে সচেতনতা, মানুষের সঙ্গে দুজন ফেরেশতার বাস, মৃত্যুর সময় মানুষের আমলনামা বন্ধ, সকাল-সন্ধ্যা আল্লাহর ইবাদত ও তাসবিহ আদায়, কিয়ামতের দিন হাশরের ময়দানে মানুষের আমলের জবাব, জান্নাত-জাহান্নামের বিবরণের বর্ণনা রয়েছে।