বাঁ চোখ লাফালে কি সত্যিই বিপদ আসে

কখনোসখনো আমাদের চোখের পাতা লাফায়। অনেকেই মনে করে, বাঁ চোখের পাতা লাফানো মানেই সর্বনাশ! বিপদ ধেয়ে আসছে। চোখের পাতা লাফানো নিয়ে এ রকম নানা বিশ্বাস সমাজে প্রচলিত আছে। তবে কোরআন-হাদিসে এমন কথার ভিত্তি নেই। ইসলামে ডান বা বাঁ চোখ লাফালে মঙ্গল-অমঙ্গল এবং শুভ-অশুভ বলতে কিছু নেই। ইসলামের আকিদা হলো, মঙ্গল-অমঙ্গল এবং শুভ-অশুভ সবকিছুই একমাত্র আল্লাহর নির্দেশেই সংঘটিত হয়ে থাকে।
আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ছোঁয়াচে বলে কোনো রোগ নেই। কুলক্ষণ বলে কিছু নেই। পেঁচা অশুভের লক্ষণ নয়। সফর মাসে কোনো অশুভ নেই।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৭০৭)
জায়েদ ইবনে খালিদ জুহানি (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) রাতে বৃষ্টি হওয়ার পর হুদায়বিয়াতে আমাদের নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বললেন, ‘তোমরা কি জান, তোমাদের পরাক্রমশালী ও মহিমাময় প্রতিপালক কি বলেছেন?’ তারা বললেন, ‘আল্লাহ ও তাঁর রাসুলই বেশি জানেন।’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘(রব) বলেন, আমার বান্দাদের মধ্য কেউ আমার প্রতি মুমিন হয়ে গেল এবং কেউ কাফের। যে বলেছে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হলো আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের ওপর বৃষ্টি হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী হয়েছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী হয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৪৬)
বাঁ চোখ লাফালে অমঙ্গল কিছু ঘটবে—কোরআন-হাদিসে এর কোনো ভিত্তি নেই। এটা মানুষের মনগড়া কথা। সমাজের প্রচলিত কুসংস্কার।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘বাম চোখ লাফালে কোনো বিপদ আসে না। বাম চোখ লাফানোর পর যদি কারও বিপদ আসে, বুঝতে হবে বাম চোখ না লাফালেও বিপদ আসত। মুসলমান কখনো ভিত্তিহীন কথায় বিশ্বাস করতে পারে না। বাম চোখ লাফালে কোনো বিপদ আসে—এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, গবেষণা দিয়ে প্রমাণিত নয়। কোরআন-হাদিসে এর ভিত্তি নেই। বরং এসব কুসংস্কারে বিশ্বাস করলে ইমানে সমস্যা হবে।’
তিনি আরও বলেন, ‘বিপদ এবং সুখ দেওয়ার মালিক আল্লাহ। এ রকম তো আল্লাহ বলেননি, বাম চোখ লাফালে বিপদ আসে। চোখের লাফানোর সঙ্গে বিপদ আসার কোনো সম্পর্ক নেই।’