সুরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ

সুরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সুরা। এর আয়াত সংখ্যা সাত। এই সুরাটি পূর্ণাঙ্গভাবে মক্কায় অবতীর্ণ হয়েছে। ফাতিহা ছাড়াও সাবউল মাসানি, উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাবসহ একাধিক নাম রয়েছে এ সুরার। ফাতিহা অর্থ সূচনা, উদ্বোধন বা প্রারম্ভিকা। নামাজে তাকবির বলে হাত বেঁধে সুরা ফাতিহা পড়া বাধ্যতামূলক।
এ সুরার গুরুত্ব ও ফজিলত অনেক। এর গুরুত্ব ও ফজিলত নিয়ে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে। এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘সুরা ফাতিহা সব রোগের মহৌষধ।’ (সুনানে দারেমি, হাদিস: ৩৪১৩)
আয়াত: ১
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ: আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন।
অর্থ: যাবতীয় প্রশংসা জগৎগুলোর প্রতিপালক আল্লাহর জন্যই।
আয়াত: ২
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ: আর রাহমানির রাহিম।
অর্থ: যিনি পরম করুণাময়, অসীম দয়ালু।
আয়াত: ৩
مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ: মালিকি ইয়াও মিদ্দিন।
অর্থ: যিনি বিচার দিনের মালিক।
আয়াত: ৪
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ: ইইয়াকা নাবুদু ওয়া ইইয়াকা নাসতায়িন।
অর্থ: আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই।
আয়াত: ৫
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ: ইহদিনাস সিরাতাল মুসতাকিম।
অর্থ: আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন।
আয়াত: ৬
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
উচ্চারণ: সিরাতাল্লাজিনা আন আমতা আলাইহিম।
অর্থ: তাদের পথে, যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন।
আয়াত: ৭
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণ: গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাজ জাল্লিন।
অর্থ: তাদের পথে নয়, যারা আপনার ক্রোধে নিপতিত ও পথভ্রষ্ট।
