Advertisement

কাউকে মদ উপহার দেওয়া যাবে?

এশিয়া পোস্ট ডেস্ক
কাউকে মদ উপহার দেওয়া যাবে?
ছবি: প্রতীকী

মদ খাওয়া বা মাদক গ্রহণ করা ইসলামে সম্পূর্ণ হারাম। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে ইমানদাররা, মদ, জুয়া, মূর্তি ও তীর নিক্ষেপ এসব নিকৃষ্ট বস্তু ও শয়তানের কাজ। কাজেই তোমরা এগুলো বর্জন করো। যাতে তোমরা সফল হতে পারো। শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও তিক্ততা ঘটাতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে চায়। তবুও কি তোমরা তা থেকে বিরত থাকবে না!’ (সুরা মায়েদা, আয়াত: ৯০-৯১)

মদ খাওয়া কবিরা গুনাহ। আল্লাহ বলেন, ‘তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, এ দুটিতে মহাপাপ।’ (সুরা বাকারা, আয়াত: ২১৯)

মাদকতা নিষিদ্ধের ঘোষণা দিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক নেশাকর বস্তু হারাম।’ (মিশকাতুল মাসাবিহ, হাদিস: ৩৬৩৯)। আরেক হাদিসে আছে, রাসুলল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক পানীয়—যা নেশাগ্রস্ত করে তা হারাম।’ (মিশকাতুল মাসাবিহ, হাদিস: ৩৬৩৭)

মদ কেনা-বেচা, পান, বহন ও ব্যবসা করা—সবই ইসলামে নিষিদ্ধ। আনাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) মদের সঙ্গে সম্পৃক্ত দশ ব্যক্তিকে অভিসম্পাত করেছেন। ১. মদ প্রস্তুতকারী, ২. মদের ফরমায়েশ দানকারী, ৩. মদ পানকারী, ৪. মদ বহনকারী, ৫. যার কাছে মদ নিয়ে যাওয়া হয় সে ব্যক্তি, ৬. যে মদ পান করায়, ৭. মদ বিক্রেতা, ৮. মদের মূল্য ভোগকারী, ৯. মদ ক্রয়কারী, ১০. যার জন্য মদ ক্রয় করা হয়।’ (মিশকাতুল মাসাবিহ, হাদিস: ২৭৭৬)

একজন মুসলিমের জন্য মদ কেনা এবং এর মূল্য গ্রহণ যেমন হারাম, তেমনিভাবে কাউকে মদ উপহার দেওয়াও হারাম। কোনো মুসলিমের জন্য কাউকে নেশাজাতীয় দ্রব্য উপহার দেওয়া বা কারও থেকে গ্রহণ করা বৈধ নয়। মুসলিম মানেই হলো, সে পবিত্র মানুষ। তাই সে শুধু পবিত্র বস্তুই উপহার হিসেবে দিতে পারে এবং পবিত্র বস্তুই উপহার হিসেবে নিতে পারে। ইবনে আব্বাস (রা.) বলেন, ‘এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এক মশক মদ উপহারস্বরূপ নিয়ে আসে। রাসুলুল্লাহ (সা.) তাকে বললেন, তুমি কি জানো না যে, আল্লাহ সেটা হারাম করে দিয়েছেন? সে বলল, না। এরপর সে এক ব্যক্তির সঙ্গে কানে কানে কথা বলল। রাসুলুল্লাহ (সা.) সে ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি তাকে গোপনে কী বললে? সে বলল, আমি তাকে এটা বিক্রি করার পরামর্শ দিয়েছি। এরপর তিনি বললেন, যিনি এটা পান করা হারাম করেছেন, তিনি তার বিক্রিও হারাম করে দিয়েছেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৫৭৯)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আরেকটি বর্ণনায় আরও অতিরিক্ত কথা এসেছে, ‘লোকটি বলল, তাহলে কি আমি ইহুদিদেরকে মদ উপঢৌকন হিসেবে দিতে পারব না? নবী (সা.) বললেন, যিনি মদ হারাম করেছেন, তিনি ইহুদিদেরকে মদ উপঢৌকন হিসেবে দেওয়াও হারাম করেছেন। তখন সে বলল, তাহলে আমি এই মদ দিয়ে কী করব? নবী (সা.) বললেন, এগুলো মরুভূমিতে ফেলে দাও।’ (মুসনাদুল হুমায়দি, হাদিস: ১০৬৪)