logo
Advertisement

স্বপ্নে সাপ দেখা কীসের ইঙ্গিত, জানালেন আহমাদুল্লাহ

এশিয়া পোস্ট ডেস্ক
স্বপ্নে সাপ দেখা কীসের ইঙ্গিত, জানালেন আহমাদুল্লাহ
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

ঘুমের মধ্যে মানুষ নানা রকম স্বপ্ন দেখে। সুন্দর স্বপ্ন মানুষকে আনন্দ দেয়। দুঃস্বপ্ন মানুষকে অস্থির করে তোলে। সত্য ও ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। তাই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মন্দ স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।

Advertisement

ইসলামি শরিয়াহ মতে, স্বপ্ন মূলত তিন ধরনের হয়। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘মানুষের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। এক. ভালো স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে। দুই. দুঃখদানকারী স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে হয়। তিন. মনের মধ্যে উদ্ভূত কল্পনা, যা স্বপ্নে দেখা যায়।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৬৩)

ঘুমন্ত অবস্থায় চিন্তা ও কল্পনার ওপর মানুষের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। সে ইচ্ছা করলেও কোনো নির্দিষ্ট স্বপ্ন দেখতে পারে না, আবার অপছন্দের স্বপ্নও ঠেকাতে পারে না। এ কারণেই ইসলাম স্বপ্নকে মানুষের ইচ্ছাকৃত কর্মের অন্তর্ভুক্ত করেনি। কেউ কেউ স্বপ্নে সাপ দেখেন। এ নিয়ে নানবিধ দুশ্চিন্তাও করেন। প্রশ্ন হলো, স্বপ্ন সাপ দেখলে কী হয়?

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘কখনো স্বপ্ন অর্থহীন হয়, যেটা শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলতে দেখায়। তবে স্বপ্নে সাপ দেখা বিভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। সাপ কখনও কখনও শত্রু বোঝায়। সাপকে আঘাত করার দ্বারা শত্রুকে শেষ করাও বোঝায়। আবার সাপ কখনও ব্ল্যাক ম্যাজিকের টুল। স্বপ্নে অতিরিক্ত সাপ দেখা—কেউ আপনাকে জাদু করছে বা আপনার প্রতি বদনজর দিচ্ছে, এটারও ইঙ্গিত দেয়।’

খারাপ স্বপ্ন কারও কাছে বলা উচিত নয় জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘এ জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। খারাপ স্বপ্ন দেখার পর তৎক্ষণাৎ ঘুম ভেঙে গেলে বাঁ দিকে প্রতীকী থুতু ফেলতে হবে। সুযোগ থাকলে দুই রাকাত নামাজ পড়া যেতে পারে। ভালো স্বপ্ন দেখলে কাছের লোকদের বলা যেতে পারে। কালো জাদুর সন্দেহে হলে সকাল-সন্ধ্যার দোয়াগুলো পড়তে হবে। আমল বাড়াতে হবে।’