logo

ঘুমানোর দোয়া

ঘুমানোর দোয়া

ঘুম আল্লাহর নেয়ামত। ঘুমের জন্য সবচেয়ে উপযোগী সময় রাত। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। তোমাদের জন্য রাতকে করেছি আবরণস্বরূপ। দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য।’ (সুরা নাবা, আয়াত: ৯-১১)

রাতে যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমানো উচিত। ঘুমানোর সময় ফজর নামাজ পড়ার নিয়ত করে ঘুমানো মুমিনের ইমানি দায়িত্ব। রাত জেগে কাজ করার তাগাদা থাকলেও ফজর নামাজের বিষয়টি মাথায় রাখা উচিত। 

সবকিছুর পর রাতের একটা সময় আমাদের ঘুমাতে হয়। ঘুমাতে যাওয়ার সময় দোয়া পড়া সুন্নত। ঘুমাতে যাওয়ার আগে হজরত মুহাম্মদ (সা.) দোয়া পড়তেন। দোয়াটি হলো—

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

উচ্চারণ: আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহ ইয়া।

অর্থ: হে আল্লাহ, আমি তোমারই নামে ঘুমাই এবং তোমার নামেই জাগ্রত হই।

হুজাইফা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রাতের বেলায় নিজ বিছানায় শোয়ার সময় নিজ গালের নিচে হাত রেখে এই দোয়া পড়তেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৩১৪) 

 

ঘুমের মধ্যে ভয় পেলে যে দোয়া পড়তে হয়
অনেকে ঘুমের মধ্যে নানাবিধ স্বপ্ন দেখেন। কেউ আবার ঘুমের ঘরে ভয় পান। রাসুলুল্লাহ (সা.) এ থেকে পরিত্রাণের জন্য দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো—

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ: আউজু বিকালিমা তিল্লাহিত তাম্মাতি মিন গাজাবিহি, ওয়া ইকাবিহি, ওয়া শাররি ইবাদিহি, ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি, ওয়া আই ইয়াহ জুরুন।

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলোর উসিলা (মাধ্যম) দিয়ে তাঁর শাস্তি এবং তাঁর বান্দাদের ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। আমি আশ্রয় চাচ্ছি শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে।