logo

ভালো কাজ করে আনন্দ পাওয়া কিসের লক্ষণ?

ভালো কাজ করে আনন্দ পাওয়া কিসের লক্ষণ?
ছবি: সংগৃহীত

ইসলাম মানুষকে সবসময় কল্যাণের পথে আহ্বান করে। কল্যাণ কাজের আদেশ করে। কল্যাণ ও ভালো কাজের বিনিময়ে ইসলামে রয়েছে সওয়াব। এতে আল্লাহ খুশি হন। আল্লহর রহমত বর্ষণ হয়। এই রহমত আমলকারী ছাড়াও অন্যান্য সৃষ্টি জীবকে আচ্ছাদিত করে। কেয়ামতের দিন ভালো ও পাপ কাজের হিসাব ওজন দিয়ে করা হবে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি কেয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারও প্রতি কোনো জুলুম করা হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব। আর হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৪৭)

আল্লাহ বলেন, ‘আর সেদিন যথার্থই ওজন হবে। অতপর যাদের পাল্লা ভারী হবে, তারাই সফলকাম। আর যাদের পাল্লা হালকা হবে, তারাই এমন হবে, যারা নিজেদের ক্ষতি করেছে। কেননা তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত।’ (সুরা আরাফ, আয়াত: ৮-৯)

মুমিনের কর্তব্য হলো, বেশি বেশি নেক আমল করে নেক আমলের পাল্লা ভারী করা। ইবনে উমর (রা.) বলেন, ‘উমর (রা.) জাবিয়া নামক স্থানে আমাদের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। তখন তিনি বলেন, হে লোকসকল, রাসুলুল্লাহ (সা.) যেমন আমাদের মাঝে দাঁড়াতেন, তেমনই আমি আজ তোমাদের মাঝে দাঁড়িয়েছি। তিনি বলেছেন... নেক আমল যাকে আনন্দিত করে এবং বদ আমল যাকে দুঃখিত করে দেয়, সে-ই মুমিন।’ (তিরমিজি, হাদিস: ২১৬৫)

নামাজ, দান-সদকা, আত্মীয়দের খোঁজ ইত্যাদি আমল করতে পেরে একজন মুমিনের আনন্দিত হওয়া উচিত। অন্য দিকে জিহ্বার স্খলন, চোখ ও কানের ভুল ইত্যাদি পাপ সংঘটিত হওয়ার সময় মনে মনে ঘৃণা ও দুঃখ লালন করা প্রয়োজন। এটাই আল্লাহ ও পরকালের প্রতি ইমানের লক্ষণ। মনে রাখতে হবে, ভালো কাজ মানুষকে সৎ পথে পরিচালিত করে। আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দা হতে সহযোগিতা করে। মন্দ কাজ মানুষকে বিপথে পরিচালিত করে। মন্দ কাজকারীকে শয়তান পরিচালনা করে। শয়তান তার বন্ধু হয়ে যায়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পাপ কাজ করার সময় যার মন্দ অনুভূতি হয়, আর পুণ্য করার সময় মনে পুলক অনুভব হয়, সে-ই মুমিন।’ (মুসতাদরাক লিল হাকিম, হাদিস: ৩২)

সৎকর্মের প্রতিদান বহুগুণ বেশি পাওয়া যায়। কেয়ামতের ভয়াবহ সময়ে নেক আমলকারী নিরাপদে থাকবে। আল্লাহ বলেন, ‘যে কেউ সৎকর্ম নিয়ে আসবে, সে তদপেক্ষা উৎকৃষ্ট প্রতিদান পাবে এবং সেদিন তারা সর্বপ্রকার ভয়ভীতি থেকে নিরাপদ থাকবে। আর যে কেউ মন্দ কাজ নিয়ে আসবে, তাদেরকে উল্টোমুখো করে আগুনে নিক্ষেপ করা হবে। তোমাদেরকে তো শুধু তোমরা যা করতে, তারই শাস্তি দেওয়া হবে।’ (সুরা নামল, আয়াত: ৮৯-৯০)