দোয়া কুনুতের বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত

পাঁচ ওয়াক্ত নামাজে সুরা পড়ার পাশাপাশি আমাদেরকে অনেক দোয়া পড়তে হয়। কিছু দোয়া পড়া আবশ্যক। যেমন তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা। এমনই একটি দোয়া—দোয়া কুনুত।
কুনুত শব্দ দিয়ে নীরবতা, নামাজ, কিয়াম, ইবাদত ইত্যাদি বোঝায়। কুনুতের উদ্দেশ্য হলো নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা।
এশার নামাজের ফরজ ও সুন্নতের পর বিতর নামাজ আদায় করতে হয়। এশার নামাজের পর থেকে শেষ রাতের আগপর্যন্ত (ফজর নামাজের সময় হওয়া পর্যন্ত) যে কোনো সময় বিতর নামাজ পড়া যায়। বিতর নামাজ তিন রাকাত। বিতর নামাজ অন্যান্য নামাজের মতোই। তবে নামাজের তৃতীয় বা শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়তে হয়। অবশ্য ওই রাকাতে সুরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সুরা পড়ার পর দোয়া কুনুত পড়তে হবে।
দোয়া কুনুতে আছে আল্লাহর সঙ্গে বান্দার একান্ত আলাপ। এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। এ দোয়ার ফলে বান্দার প্রতি আল্লাহ খুশি হন। তার চাওয়া-পাওয়া পূর্ণ করেন। রাসুলুল্লাহ (সা.) বিতর নামাজে দোয়া কুনুত পড়েছেন। ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি এক রাতে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে ছিলাম। তিনি শয্যা ছেড়ে দুই রাকাত নামাজ পড়লেন। এরপর উঠে বিতর পড়লেন। প্রথম রাকাতে সুরা ফাতিহার পর সুরা আলা পড়লেন। এরপর রুকু ও সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা ও কাফিরুন পড়ে রুকু-সিজদা করলেন। তৃতীয় রাকাতে সুরা ফাতিহা ও ইখলাস পড়ে রুকুর আগে দোয়া কুনুত পড়লেন। (কিতাবুল হুজ্জাহ, খণ্ড : ১, পৃষ্ঠা : ২০১)
দোয়া কুনুত
اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِئْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلَا نُكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ
اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ وَإِلَيْكَ نَسْعَىٰ وَنَحْفِدُ وَنَرْجُو رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحَقٌ
দোয়া কুনুতের উচ্চারণ
আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাস তাগফিরুকা, ওয়া নুমিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, ওয়া নুসনি আলাইকাল খাইরা, ওয়া নাস কুরুকা, ওয়া লা নাকফুরুকা, ওয়া নাখলায়ু ওয়া নাতরুকু মাইয়াফ জুরুকা। আল্লাহুম্মা ইইয়াকা নাবুদু, ওয়া লাকানু সল্লি, ওয়া নাস জুদু, ওয়া ইলাইকা নাসআ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা, ইন্না আজাবাকা বিল কুফফারি মুলহিক।
দোয়া কুনুতের অর্থ
হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই। তোমারই কাছে ক্ষমা চাই, তোমরাই প্রতি ইমান রাখি। তোমারই ওপর ভরসা করি। সব মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি। তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদা করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি। তোমার আজাব তো কাফেরদের জন্যই নির্ধারিত।

দোয়া কুনুতের ফজিলত
আত্মিক পরিশুদ্ধি, আল্লাহর রহমত, হেদায়াত ও বিপদ থেকে রক্ষা পাওয়ার শক্তিশালী মাধ্যম দোয়া কুনুত। এটি পাঠে অনেক সওয়াব পাওয়া যায়। জীবনে কল্যাণ লাভ হয়। এর মাধ্যমে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আবেদন তুলে ধরা হয়।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি একরাতে নবী (সা.)-এর কাছে ছিলাম। তিনি শয্যাত্যাগ করলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। এরপর উঠে বিতর পড়লেন। প্রথম রাকাতে সুরা ফাতিহার পর সুরা আলা পাঠ করতেন। এরপর রুকু ও সেজদা করলেন। দ্বিতীয় রাকাতে ফাতিহা ও কাফিরুন পাঠ করে রুকু-রুকু সেজদা করলেন। তৃতীয় রাকাতে ফাতিহা ও ইখলাস পাঠ করলেন। এরপর রুকুর আগে কুনুত পড়লেন।’ (কিতাবুল হুজ্জাহ, খণ্ড: ১, পৃষ্ঠা: ২০১)



