logo

সৎকাজের উসিলা দিয়ে দোয়া করা যাবে?

সৎকাজের উসিলা দিয়ে দোয়া করা যাবে?

সৎকাজকে উসিলা ধরে বা মাধ্যম গ্রহণ করে আল্লাহর কাছে প্রার্থনা করতে অসুবিধে নেই। সৎকাজের উসিলা দিয়ে দোয়া করা যাবে। এতে সৎকাজের সওয়াব কমবে না। এটি কোরআন, হাদিস ও সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত। মালেকি, হাম্বলি, শাফি ও হানাফি মাজহাবের একাংশ ফিকাহবিদ উসিলা ধরাকে বৈধ বলেছেন। আল্লাহ বলেন, ‘হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তাঁর নৈকট্য লাভের জন্য উসিলা অনুসন্ধান করো।’ (সুরা মায়িদা, আয়াত: ৩৫)

আল্লাহ চান, বান্দা যেন সুখে-দুঃখে আল্লাহর ইবাদত করে যাওয়ার সংকল্প ব্যক্ত করে। কেউ যদি বিপদের সময় মনে করে—একদিন সে আল্লাহর নিঃস্বার্থ অনুগত বান্দা ছিল, সেদিন সে একমাত্র প্রভুর ভালোবাসার টানে ও পুরস্কারের আশায় তাঁর ইবাদত করত, ওই উসিলার বরাতে দোয়া করা দোষণীয় নয়। বিপদে পড়ার পর সৎকাজের উসিলা দিয়ে মুক্তি কামনা করা সুন্নতেরও একটি অংশ। 

আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে তিন ব্যক্তি সফরে বের হয়ে রাত কাটানোর জন্য একটি গুহায় আশ্রয় নেয়। হঠাৎ পাহাড় থেকে একখণ্ড পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তখন তারা নিজেদের মধ্যে বলতে লাগল, ‘নিজ নিজ সৎকাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছু এ পাথর থেকে তোমাদের মুক্ত করতে পারবে না।’ (সহিহ বুখারি, হাদিস: ২১৫২)

 

এরপর তিনজনই তাদের ইবাদতের উসিলা দিয়ে আল্লাহর কাছে মুক্তির দোয়া করল। প্রত্যেকের দোয়ার পর ধীরে ধীরে পাথর একটু একটু করে সরে যেতে থাকে। অবশেষে তিনজনের দোয়া শেষ হলে সম্পূর্ণ পাথরটি সরে যায়। আর তারা নিরাপদে গুহা থেকে বের হয়ে আসে।