Advertisement

৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

এশিয়া পোস্ট নিউজ
৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। 

Advertisement

শনিবার (২ মে) দলের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান তারা। 

বিবৃতিতে তারা বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের জমায়েতের ওপর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পরিকল্পিত নৃশংস গণহত্যায় অগণিত ধর্মপ্রাণ মানুষ শহীদ হয়েছেন। হাজার হাজার আলেম, হাফেজ ও নবীপ্রেমিক জনতা আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। 

৫ মের গণহত্যার দায়ে পতিত ফ্যাসিস্ট হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের পক্ষ থেকে করা মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় হেফাজতে ইসলাম। 

দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে শাপলার খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জোর দাবি জানান তারা। 

২০১৩ সালে ৫ মের গণহত্যার প্রতিবাদে সবাই মাঠে নামলে পরবর্তীতে চব্বিশের জুলাই ম্যাসাকার দেখতে হতো না বলে মন্তব্য করেন তারা। 

তাদের মতে, তৎকালীন রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, ইসলামবিদ্বেষী সেক্যুলারদের উসকানি ও সুশীল সমাজের বড় অংশের নীরবতার মধ্য দিয়েই ফ্যাসিবাদের উত্থান ঘটেছে।

হেফাজতে ইসলাম বিবৃতিতে জানায়, ২০১৩ সালে ইসলামবিদ্বেষী ও আধিপত্যবাদীদের প্রজেক্ট গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে শাপলার চেতনা রুখে না দাঁড়ালে অচিরেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লুণ্ঠিত হতো। শাপলার রক্তাক্ত চেতনা জাগ্রত রাখতে হবে। 

বর্তমান সরকার প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, নিরাপত্তা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় ব্যর্থ হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে সতর্ক করে হেফাজত। 

 

৫ মের মহান শহীদদের স্মরণে সারা দেশে দোয়া ও আলোচনা সভার আয়োজন করার জন্য হেফাজতের নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান তারা।