মৃত স্ত্রীকে কি স্বামী দেখতে পারবেন

পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)। মৃত্যু জীবনের একটি অবশ্যম্ভাবী সত্য, যা প্রতিটি মানুষের জন্য নির্ধারিত।
মৃত্যু মুমিনের জন্য একটি স্বস্তি। এটি পার্থিব পরীক্ষা ও কষ্ট থেকে মুক্তি দেয় এবং আল্লাহর রহমতের আলিঙ্গনে নিয়ে যায়। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘মুমিন মৃত্যুর মাধ্যমে স্বস্তি পায়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৫০৭)
ইসলামে মৃত্যু জীবনের সমাপ্তি নয়, বরং এটি পার্থিব জীবন থেকে চিরস্থায়ী জীবনের দিকে একটি সেতু। এটি ভয় বা দুঃখের বিষয় হলেও মুমিনের জন্য এটি আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার একটি সুযোগ। মৃত্যুর স্মরণ ও এর জন্য প্রস্তুতি আমাদের জীবনকে আরও অর্থবহ করে।
মৃত্যু, মৃত্যু পরবর্তী জীবন এবং মৃত্যুর পর করণীয় বিষয় নিয়ে মানুষের নানা জিজ্ঞাসা আছে। কোনো কোনো সমাজে এ কথা প্রচলিত আছে যে, স্ত্রী মারা গেলে স্বামীর জন্য তাকে দেখা বা গোসল করানো জায়েজ নয়। প্রশ্ন হলো, এ কথা কি সঠিক। শরিয়তে এর কোনো ভিত্তি আছে?
ইসলামি শরিয়া মতে, স্ত্রী মারা গেলে স্বামীর জন্য তাকে দেখা জায়েজ আছে। তবে তাকে গোসল করানো বা স্পর্শ করা জায়েজ নয়। তবে মৃত স্বামীকে স্ত্রী গোসল করানো বা স্পর্শ করতে পারবে। আবদুল্লাহ ইবনে আবু বকর (রা.) বলেন, ‘আবু বকর সিদ্দীক (রা.)-এর মৃত্যুর পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস (রা.) তাকে গোসল দিয়েছেন।’ (মুআত্তা ইমাম মুহাম্মাদ, বর্ণনা: ৩০৩)
সুফিয়ান সাওরি (রহ.) বলেন, ‘স্বামীর মৃত্যুর পর স্ত্রী তাকে গোসল দিতে পারবে। কেননা সে এখনও স্বামীর ইদ্দতের মধ্যে আছে। কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল করাতে পারবে না।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক, বর্ণনা: ৬১১৯)
ইমাম শাবি (রহ.) ও সুফিয়ান সাওরি (রহ.) বলেন, ‘(স্ত্রী মারা গেলে) স্বামী তাকে গোসল দেবে না।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা: ১১০৯২; আলবাহরুর রায়েক, খণ্ড: ২, পৃষ্ঠা: ১৭৪; ফাতাওয়া হিন্দিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৬০)
ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারের এক ফতোয়ায় বলা হয়েছে, ‘বিশুদ্ধ মত অনুযায়ী, স্বামীর জন্য তার মৃত স্ত্রীর চেহারা দেখা জায়েজ। কিন্তু স্বামীর জন্য মৃত স্ত্রীকে স্পর্শ করা, গোসল দেওয়া জায়েজ নয়।’ (আলমুহিতুল বুরহানি, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৫০; আদ্দুররুল মুখতার, খণ্ড: ২, পৃষ্ঠা: ১৯৮)
জামেয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকার প্রধান মুফতি রেজাউল কারীম আবরার ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘স্বামী মৃত স্ত্রীকে দেখতে পারবে। কিন্তু মৃত স্ত্রীকে স্পর্শ করা, তাকে গোসল করানো স্বামীর জন্য জায়েজ নয়। অনেকে আবেগের বশবর্তী হয়ে স্ত্রীকে স্পর্শ করতে চান, এটা ঠিক নয়। আবেগকে প্রাধান্য না দিয়ে শরিয়াকে প্রাধান্য দিতে হবে।’
.png)


