মাথার চুল বিক্রি করলে কি গুনাহ হবে

এশিয়া পোস্ট ডেস্ক
মাথার চুল বিক্রি করলে কি গুনাহ হবে
ছবি: সংগৃহীত

অনেক এলাকায় দেখা যায়, ফেরিওয়ালারা বাড়ি বাড়ি ঘুরে নারীদের জমানো চুল কেনেন। নারীরাও চুল বিক্রি করেন। দেশের কোথাও কোথাও চুল কেনাবেচার দোকানও গড়ে উঠেছে। প্রশ্ন হলো, চুল বিক্রি করা জায়েজ কি না। চুল বিক্রি করলে কি গুনাহ হবে?

Advertisement

মানুষ সৃষ্টির সেরা। মানুষের জন্যই এ পৃথিবী সৃষ্টি করা হয়েছে। মানুষকে সৃষ্টি করা হয়েছে উত্তম আকৃতিতে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠতম সুন্দর আকৃতিতে।’ (সুরা তিন, আয়াত: ৪)

মানুষ সম্মানিত প্রাণী। মানুষের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহর দান। আল্লাহর পক্ষ থেকে এগুলো মানুষের জন্য আমানত। তাই মানুষের কোনো অঙ্গ বা কর্তিত অংশ ব্যবসায়িক পণ্য হিসেবে বিক্রি করা যাবে না। মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ কেনাবেচা করা হারাম। কেনাবেচা করলে গুনাহ হবে।

নারীরা তাদের সৌন্দর্যের জন্য চুল রাখবেন। যদি সৌন্দর্যের প্রয়োজন না হয়, তাহলে ইসলাম যে অনুমোদন দিয়েছে, সেই অনুমোদন অনুযায়ী তারা চুল কাটতে পারবেন। কর্তিত চুল যেখানে সেখানে ফেলা দেওয়া উচিত নয়। সবচেয়ে উত্তম হলো, মাটিতে দাফন করা।

ইমাম নববি (রহ.) বলেন, ‘মানুষের যে অংশ শরীরে থাকা অবস্থায় বিক্রয় নিষিদ্ধ, তা বিচ্ছিন্ন অবস্থাতেও নিষিদ্ধ। যেমন—মানুষের চুল।’ (আল-মাজমু, খণ্ড: ৯, পৃষ্ঠা: ২৫৪)

ইমাম মালেক (রহ.)-কে মানুষের মুণ্ডন করা চুল বিক্রয়ের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টিকে চরম অপছন্দ করেন। (ইবনু আবদিল বার, আল কাফি ফি ফিকহি আহলিল মাদিনা, খণ্ড: ২, পৃষ্ঠা: ৬৭৬)

ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারে ‘প্রচলিত ভুল’ সাব-হেডের এক শিরোনামে লেখা হয়েছে, ‘মানুষের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নয়। মানুষকে যেমন আল্লাহ তাআলা সম্মানিত বানিয়েছেন, তেমনিভাবে মানুষের সব অঙ্গ-প্রত্যঙ্গ এমনকি চুল, নখ ইত্যাদি কর্তিত অংশও সম্মানিত। এগুলো বিক্রয়যোগ্য বস্তু নয়। সুতরাং এগুলো বিক্রি করা যাবে না। সম্ভব হলে দাফন করে দেওয়া উত্তম।’

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘মানুষের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কেনাবেচা করা জায়েজ নেই। এগুলো কেনাবেচা করা হারাম। আমাদের শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের মালিক আল্লাহ। আমাদের শরীর আল্লাহর পক্ষ থেকে আমানত। চুল বা রক্ত বিক্রি করা যাবে না। রক্ত দান করা যাবে। বাধ্য হয়ে রক্ত কেনাও যাবে। তবে বিক্রি করা যাবে না।’

চুল কাটার পর তা সম্মানজনক জায়গায় ফেলা বা মাটিতে দাফন করা উত্তম। ফেলে দিলে বড় কোনো গুনাহ হবে না, জানান শায়খ আহমাদুল্লাহ।