Advertisement

আল-আজহারে পড়ার সুযোগ পেলেন দারুল আরকামের ১৫ শিক্ষার্থী

এশিয়া পোস্ট প্রতিবেদক
আল-আজহারে পড়ার সুযোগ পেলেন দারুল আরকামের ১৫ শিক্ষার্থী
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদ হাতে আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন রাজধানীর জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার ১৫ জন শিক্ষার্থী।

বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর উত্তরায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাওয়া এসব শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়াও আল-আজহারের বিভিন্ন স্তরে অধ্যয়নরত ও হিফজ সম্পন্নকারী মোট ৪৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিয়োজিত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি। তিনি তার বক্তব্যে মিসরের মাটিতে এসব শিক্ষার্থীদের স্বাগত জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার সাক্ষাতেই তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ বাড়ানোর ব্যাপারে আশ্বস্ত করেন।

বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব ও আল-হাইআতুল উলইয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা সাজিদুর রহমান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকি নদভী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের মহাপরিচালক এ টি এম আব্দুর রউফ মণ্ডল।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমার দুটি মেয়ে রয়েছে। তার মধ্যে একজন কোরআনে হাফেজা। মানুষ যদি কোরআনের শিক্ষায় সুশিক্ষিত হতে পারে, তাহলে তার মাধ্যমে কোনো অন্যায়, অপরাধ কাজ সম্ভব না। সেই সঙ্গে সমাজও আলোকিত হবে।’

জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার পরিচালক শায়খ সানাউল্লাহ আজহারী বলেন, ‘কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে আল-আজহারের বিভিন্ন অনুষদে শীর্ষস্থানীয় ফল অর্জন করছেন। আল-আজহারের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে প্রতিষ্ঠানটি কাজ করছে।’

তিনি জানান, আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাচুক্তি রয়েছে। প্রতিষ্ঠানটির দেড় শতাধিক শিক্ষার্থী বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অধ্যয়ন করছেন। এখান থেকে উচ্চমাধ্যমিক সম্পন্নকারী শিক্ষার্থীরা সরাসরি আল-আজহারে ভর্তির সুযোগ পান।