logo

বিপদে পড়লে কি গরু, ছাগল ও টাকা মানত করা যাবে

বিপদে পড়লে কি গরু, ছাগল ও টাকা মানত করা যাবে
দোয়া করছেন এক ব্যক্তি। ছবি: স্টুডিও আরাবিয়া

মানত দুই ধরনের হতে পারে। এক. কোনো ধরনের শর্ত ছাড়া মানত করা। যেমন, আমি দুই রাকাত নামাজ পড়ার মানত করছি বা কিছু টাকা সদকা করার মানত করছি। এ ধরনের মানত করা জায়েজ।

দুই. শর্তযুক্ত মানত করা। যেমন- আমি পরীক্ষায় পাস বা অমুক কাজ হাসিল হলে কিংবা বিপদ থেকে মুক্তি পেলে এত টাকা, বা গরু-ছাগল সদকা করব। হাদিসে মানতের এই প্রকারের প্রতি নিরুৎসাহিত করা হয়েছে। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘মানত এমন কোনো কিছুকে আদম সন্তানের নিকটবর্তী করে দিতে পারে না, যা আল্লাহ তাআলা তার জন্য তাকদিরে বা ভাগ্যে নির্দিষ্ট করেননি। তবে মান্নত কখনো তাকদিরের সঙ্গে মিলে যায়। এর মাধ্যমে কৃপণের কাছ থেকে ওই সম্পদ বের করে নিয়ে আসা হয়, যা কৃপণ (এমনিতে) বের করতে চায় না।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৬৪০)

কোনো বৈধ বস্তু অর্জনের আশায় মানত করা জায়েজ। তবে শরিয়তের দৃষ্টিতে মানতের চেয়ে নগদ দান-সদকার ফজিলত ও গুরুত্ব অনেক বেশি।

ইসলাম বিশেষজ্ঞরা বলেন, কাঙ্ক্ষিত বস্তু অর্জনের জন্য মানত করা জায়েজ, তবে অনুত্তম। মানত করা ছাড়া সামর্থ্য অনুযায়ী আগেই দান-সদকা করা অধিক উত্তম কাজ। (সুরা হজ, আয়াত: ২৯; আলইখতিয়ার, খণ্ড: ৩, পৃষ্ঠা ৪৪৫; বাদায়েউস সানায়ে, খণ্ড: ৪, পৃষ্ঠা: ২৪১)

মানত করলে সেটা পূর্ণ করা ওয়াজিব। পবিত্র কোরআন-হাদিসে মান্নত পূর্ণ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। কোরআনে আছে, ‘তারা মানত করার পর তা পূর্ণ করে।’ (সুরা দাহর, আয়াত: ৭)

হাদিসে যে মানত পূর্ণ করার কথা এসেছে, তা হচ্ছে ভালো কাজের মানত। কোনো গুনাহের কাজের মানত নয়। গুনাহের কাজের মানত করা সম্পূর্ণ হারাম, তা পূর্ণ করাও হারাম। মহানবী (সা.) বলেছেন, ‘যে কোনো গুনাহের মানত করল, সে যেন গুনাহটি না করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৬৯৬)

মানত ভঙ্গের কাফফারা হলো, শপথভঙ্গের কাফফারার মতো। কাফফারা হলো, দশজন অভাবগ্রস্তকে মধ্যম মানের খাদ্য অথবা বস্ত্র দান করা বা একজন (মুমিন) ক্রীতদাস মুক্ত করা কিংবা তিনদিন (একটানা) রোজা রাখা।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘মহানবী (সা.) মানত করতে নিষেধ করেছেন। কারণ, মানত কাজের কাজ নয়। মানতের মাধ্যমে কৃপণের সম্পদ বের হয়। কৃপণ সরাসরি দান করতে চায় না। সে উদ্দেশ্য পূরণের সঙ্গে সম্পৃক্ত করে দান করতে চায়। মানত করা অনুত্তম কাজ।’

তিনি বলেন, ‘আল্লাহ অমুক কাজটি করে দিলে বা অমুক কাজটি অর্জন হলে, এত টাকা দেব। এভাবে মানত করা উচিত নয়। আল্লাহর রাস্তায় দান-সদকা করে নিজের চাহিদার কথা জানানো হলো ইমানি দায়িত্ব। শর্ত দিয়ে মানত করা অনুত্তম কাজ। হারাম নয়।’