নামাজে সিজদা করার সঠিক নিয়ম

নামাজ ফরজ ইবাদত। প্রাপ্তবয়স্কদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজের গুরুত্বপূর্ণ রুকন সিজদা। নামাজে রুকুর পর সিজদায় যেতে হয়। প্রতি রাকাত নামাজে দুটি সিজদা করতে হয়। দিন-রাতের পাঁচ ওয়াক্ত নামাজে বহু সিজদা রয়েছে। নামাজের সময় উপুড় হয়ে দুই হাঁটু, কপাল ও নাক মাটিতে ঠেকিয়ে নিবেদন করা হলো সিজদা।
পুরুষের জন্য সিজদায় উভয় হাতের তালু মাটিতে রেখে বাহু জমিন থেকে উঁচু করে রাখা সুন্নত। কোনো প্রয়োজন ছাড়া মাটিতে হাত বিছিয়ে দেওয়া মাকরুহে তাহরিমি (হারামের কাছাকাছি)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সিজদায় (অঙ্গ প্রত্যঙ্গের) সামঞ্জস্য রক্ষা করো এবং তোমাদের মধ্যে কেউ যেন দুই হাত বিছিয়ে না দেয়, যেমন কুকুর বিছিয়ে দেয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৮২২)
ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমাকে সাতটি অঙ্গের ওপর সিজদা করার নির্দেশ করা হয়েছে। কপাল, উভয় হাত, উভয় হাঁটু এবং উভয় পায়ের প্রান্ত।’ (সহিহ বুখারি, মিশকাতুল মাসাবিহ, হাদিস : ৮৮৭)
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘যখন তুমি সিজদা করবে, তখন তোমার উভয় হাতের তালু মাটিতে রাখবে, আর উভয় কনুই (জমিন থেকে) উঠিয়ে রাখবে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪৯৪)
পুরুষের জন্য সিজদায় হাতের কনুই হাঁটু ও উরু থেকে আলাদা রাখা এবং বাহু পার্শ্বদেশ থেকে পৃথক রাখাও সুন্নত। কোনো প্রয়োজন ছাড়া এর বিপরীত করা সুন্নত পরিপন্থি। আবু হুমাইদ (রা.) বলেন, ‘নবী (সা.) যখন সিজদা করতেন তখন নাক ও কপাল মাটির ওপর রাখতেন এবং উভয় পার্শ্বদেশ থেকে দুই হাত পৃথক করে রাখতেন।’ (জামে তিরমিজি, হাদিস : ২৭০)
আবদুল্লাহ বিন মালিক বিন বুহাইনা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) যখন নামাজ পড়তেন তখন (সিজদার সময়) দুই হাত এমনভাবে পৃথক করে রাখতেন যে, তার বগলের শুভ্রতা স্পষ্ট হয়ে উঠত।’ (সহিহ বুখারি, হাদিস : ৮০৭)
মাইমুনা (রা.) বলেন, ‘নবী (সা.) যখন সিজদা করতেন, তখন দুই হাতের মাঝখানে এই পরিমাণ জায়গা ফাঁকা রাখতেন যেন ছোট্ট কোনো ছাগলছানা দুই হাতের নিচ দিয়ে অতিক্রম করতে পারে।’ (আবু দাউদ)।
সিজদায় উভয় পায়ের আঙুল কিবলামুখী করে জমিনে লাগিয়ে রাখতে হবে। পুরো সেজদার মধ্যে অন্তত এক তাসবিহ (সুবহানা রাব্বিয়াল আজিম) পরিমাণ সময় কোনো পায়ের কোনো অংশ জমিনে লেগে থাকলে সিজদা হয়ে যায়। যদি পুরো সিজদার মধ্যে এক তাসবিহ পরিমাণও উভয় পায়ের কোনো অংশ জমিনে না লেগে থাকে, তবে নামাজ হবে না।
নারীরা সিজদার সময় দুই কনুই মাটির সঙ্গে মিশিয়ে রাখবে। দুই উরু পেটের সঙ্গে মিলিয়ে খুব জড়সড় হয়ে সিজদা করবে। ইয়াজিদ ইবনে আবি হাবিব (রা.) বলেন, ‘একবার রাসুলুল্লাহ (সা.) নামাজরত দুই নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তাদের বললেন, যখন তোমরা সিজদা করবে তখন শরীর জমিনের সঙ্গে মিলিয়ে দেবে। কারণ, নারীরা এক্ষেত্রে পুরুষের মতো নয়।’ (মারাসিলে আবু দাউদ, হাদিস ৮৭; রদ্দুল মুহতার, ১/৬৪৪)