বজ্রপাতের সময় যে দোয়া পড়বেন

বৃষ্টি মহান আল্লাহর দান। এটি আল্লাহর বড় নেয়ামত। বৃষ্টিতে সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি। প্রকৃতিতে ফিরে আসে প্রাণচাঞ্চল্য। হজরত মুহাম্মদ (সা.) বৃষ্টি পছন্দ করতেন। বৃষ্টির পানি গায়ে লাগাতেন। অতিবৃষ্টি জনদুর্ভোগ ও জলাবদ্ধতা সৃষ্টি করে। তিনি অতিবৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন।
বজ্রপাতও মহান আল্লাহর মহাশক্তির এক ছোট নিদর্শন। বজ্রপাতের ফলে প্রলয়ংকরী শব্দ হয়। এতে আঁতকে ওঠে মন। বজ্রপাত কাউকে আহত ও অসুস্থ করে। কারও আবার প্রাণ কেড়ে নেয়। বজ্রপাত থেকে বাঁচতে দোয়া শিখিয়েছেন মহানবী (সা.)। এ দোয়া পাঠ করলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায়।
বজ্রপাত থেকে বাঁচার দোয়া
আব্দুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) যখন মেঘের ও বজ্রের আওয়াজ শুনতেন, তখন বলতেন—
اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ
উচ্চারণ: আল্লাহুম্মা লা তাকতুলনা বি গাজাবিকা, ওয়া লা তুহলিকনা বি আজাবিকা, ওয়া আফিনা কাবলা জালিকা।
অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে আপনার গজব দিয়ে হত্যা করে দেবেন না এবং আপনার আজাব দিয়ে ধ্বংস করে দেবেন না। এসবের আগেই আমাকে পরিত্রাণ দিন। (সুনানে তিরমিজি, হাদিস: ৩৪৫০)
বজ্রপাতের শব্দ শুনলে পড়ার দোয়া
বজ্রপাতের শব্দ শুনলে রাসুলুল্লাহ (সা.) একটি বিশেষ দোয়া পড়তেন। হাদিসে আছে, আবু হুরায়রা (রা.) বলেন, মহানবী (সা.) বজ্রপাতের শব্দ শুনলেই বলতেন—
سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ
উচ্চারণ: সুবহানাল্লাজি ইউসাব্বিহুর রাদু বিহামদিহি, ওয়াল মালায়িকাতু মিন খিফাতিহি।
অর্থ: পবিত্র সেই মহান সত্তা, যিনি পানিভরা মেঘ উঠান। মেঘের গর্জন তাঁর প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা বর্ণনা করে এবং ফেরেশতারাও তাঁর ভয়ে কম্পিত হয়ে তাঁর তাসবিহ পাঠ করে।
অতিবৃষ্টি থেকে বাঁচার দোয়া
রাসুলুল্লাহ (সা.) অতিবৃষ্টি হলে পড়তেন—
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
উচ্চারণ: আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা আলাল আকামি, ওয়াজ জিরাবি, ওয়া বুতুনিল আওদিয়াতি, ওয়া মানাবিতিশ শাজারি।
অর্থ: হে আল্লাহ, আমাদের পাশের এলাকায় বর্ষণ করুন, আমাদের ওপর নয়। হে আল্লাহ, উঁচু ভূমিতে, পাহাড়ে, উপত্যকার কোলে ও বনাঞ্চলে বর্ষণ করুন। (সহিহ বুখারি, হাদিস: ৯৩৩)