logo

হজের নুসুক কার্ড হারালে কী করণীয়, জানাল সৌদি কর্তৃপক্ষ

হজের নুসুক কার্ড হারালে কী করণীয়, জানাল সৌদি কর্তৃপক্ষ

হজ পালনকালে অত্যাবশ্যকীয় নুসুক কার্ড হারিয়ে গেলে দ্রুত করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়েছে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এমন পরিস্থিতিতে হাজিদের সেবা ও চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রথমত, কার্ড হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে ডিজিটাল নুসুক কার্ড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য হাজিরা তাদের স্মার্টফোনে থাকা Nusuk App বা Tawakkalna App-এ প্রবেশ করে ডিজিটাল আইডি দেখাতে পারবেন। এই ডিজিটাল কার্ডে ফিজিক্যাল কার্ডের মতোই বারকোড ও প্রয়োজনীয় তথ্য থাকে। যা চেকপয়েন্ট, পরিবহন ও হোটেলে যাচাই করা যাবে। এর মাধ্যমে কোনো সমস্যা ছাড়াই সব কাজ করা যাবে।

মূল কার্ড হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে দ্রুত গ্রুপ লিডারকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রুপ লিডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নতুন কার্ড ইস্যুর জন্য আনুষ্ঠানিক আবেদন করবেন এবং পুরো প্রক্রিয়ার অগ্রগতি তদারকি করবেন।

এছাড়া সরাসরি সহায়তা পেতে হাজিদের ১৯৬৬ নম্বরে কল করা যাবে বা নিকটস্থ নুসুক কেয়ার সেন্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরিচয় যাচাই করে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং নতুন কার্ড ইস্যুর ব্যবস্থা করবেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হজে যাওয়ার আগেই প্রস্তুতি নেওয়া জরুরি। এজন্য আগেই Nusuk ও Tawakkalna অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট সক্রিয় করে ডিজিটাল কার্ড অপশন চালু রাখতে হবে। পাশাপাশি গ্রুপ লিডারের সঙ্গে জরুরি যোগাযোগের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, এসব নির্দেশনা অনুসরণ করলে নুসুক কার্ড হারালেও হাজিদের যাতায়াত ও হজ পালনে কোনো বড় ধরনের সমস্যা হবে না।