আস-সুন্নাহ ফাউন্ডেশনের হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে ৫০০ হজযাত্রী নিয়ে হজ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ এর দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ঢাকার আফতাবনগরে ফাউন্ডেশনের অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোববার (১৯ এপ্রিল) ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, এ প্রশিক্ষণ কর্মশালায় ৫০০ হজযাত্রী অংশ নেন। প্রায় ৪০০ স্লাইডে হজের ধারাবাহিক বর্ণনা ও মাসয়ালা, উমরার ধারাবাহিক বর্ণনা ও মাসয়ালা এবং মদিনা জিয়ারত বিষয়ে ধারণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়।
হাজিদের স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে সেশন পরিচালনা করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম সুমন।
এ ছাড়া হজের প্রস্তুতি ও সহজ সফর বিষয়ে সেশন দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ।
সবশেষে হজযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শায়খ আহমাদুল্লাহ।
আয়োজকরা জানান, দিনব্যাপী এ কর্মশালায় উপস্থিত কাবার পথের যাত্রীরা এতটাই প্রাণবন্ত ছিলেন, তাদের উদ্দীপনা বারবার এই ধরনের কর্মশালার আয়োজন করতে আমাদের অনুপ্রাণিত করবে।