যে কারণে জানাজায় রুকু-সিজদা নেই

মৃত্যুর অনিবার্য স্বাদ প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আনয়াম, আয়াত: ১৮৫)। মুমিনের উচিত, মৃত্যুর জন্য সবসময় প্রস্তত থাকা। আল্লাহ বলেন, ‘প্রত্যেক সম্প্রদায়ের জন্য এক নির্দিষ্ট সময় আছে। যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে পড়ে, তখন তারা এক মুহূর্তও বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না।’ (সুরা আরাফ, আয়াত: ৩৪)
আল্লাহ বলেন, ‘তোমরা যেখানেই থাক (একদিন না একদিন) মৃত্যু তোমাদের নাগাল পাবেই, চাই তোমরা সুরক্ষিত কোনোও দুর্গেই থাক না কেন।’ (সুরা নিসা, আয়াত: ৭৮)
মৃত্যুর পর মুসলমানকে প্রথমে গোসল দেওয়া হয়। এরপর কাফন পরিয়ে জানাজা শেষে দাফন করা হয়।
জানাজা শব্দের অর্থ মরদেহ। কোনো মুসলিম মারা গেলে মাগফিরাতের জন্য মরদেহ সামনে নিয়ে বিশেষ নিয়মে যে দোয়া করা হয়, এর নাম জানাজা। জানাজার নামাজ আদায় করা ফরজে কেফায়া। ফরজে কেফায়া হলো, দুয়েকজন আদায় করলে মহল্লার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কেউ আদায় না করলে সবাই গুনাহগার হয়।
জানাজা নামাজের জন্য পবিত্রতা শর্ত। পবিত্রতা ছাড়া জানাজার নামাজ পড়া যায় না। এ নামাজ শুধু পুরুষরা পড়বে। নারীদের এতে অংশগ্রহণের বিধান নেই।
জানাজা মূলত মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত বা ক্ষমা কামনার জন্য বিশেষ এক দোয়া। এর পদ্ধতি হজরত মুহাম্মদ (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন। এর মধ্যে রুকু-সিজদা নেই।
ইসলামে জানাজার নামাজ প্রকৃত নামাজ বা অন্যান্য নামাজের মতো নয়, বরং এটি মৃতের জন্য সম্মিলিত দোয়া ও সুপারিশ। আবু হুরায়রা (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, যখন তোমরা কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করবে, তখন তার জন্য ইখলাস বা আন্তরিকতার সঙ্গে দোয়া করবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩১৯৯)
এই ইবাদতের মূল উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির মাগফিরাত বা ক্ষমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করা। তাই একে সাধারণ দোয়ার কাঠামোর ওপর রাখা হয়েছে। আর দোয়ার জন্য রুকু বা সিজদার প্রয়োজন হয় না।
জানাজার নামাজে রুকু ও সিজদা না থাকার একটি রহস্য হলো, মূর্তিপূজারীদের সাদৃশ্য বর্জন করা। কারণ তারা তাদের উপাস্যের সামনে মাথা নত করে। যেহেতু মৃত ব্যক্তি সামনে থাকে, তাই সিজদা করলে জাহেলদের মনে শিরকের ধারণা জন্মাতে পারে এবং তারা এটাকে মৃত ব্যক্তির ইবাদত মনে করতে পারে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘জানাজা নামাজ পূর্ণাঙ্গ কোনো নামাজ নয়। এটা গতানুগতিক নামাজ নয়। জানাজা মূলত দোয়ার আয়োজন। এ জন্য এ নামাজে রুকু-সিজদা ও বৈঠক নেই। সালাতুল জানাজা অর্থ দোয়া মৃত ব্যক্তির জন্য দোয়া।’
তিনি বলেন, ‘রুকু-সিজদা হলো আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা নিবেদন। জানাজার নামাজে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মুখ্য নয়, মুখ্য হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা। দোয়া করার জন্য আমরা আল্লাহর প্রশংসা করি।’



