হালাল পণ্যের সনদ দেওয়ার দায়িত্ব পেল ধর্ম মন্ত্রণালয়

দেশে হালাল পণ্যের মান নির্ধারণ, হালাল স্ট্যান্ডার্ড প্রণয়ন এবং হালাল সনদ প্রদানের আইনি ভিত্তি পেয়েছে ধর্ম মন্ত্রণালয়। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে এ সংক্রান্ত একটি গেজেট প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার (২৪ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।
সংশোধন অনুযায়ী, রুলস অব বিজনেসের শিডিউল-১-এ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টন-সংক্রান্ত তালিকায় ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে দেশে হালাল পণ্যের মান নির্ধারণ, হালাল স্ট্যান্ডার্ড প্রণয়ন ও বাস্তবায়ন এবং হালাল সনদ প্রদান-সংক্রান্ত বিষয়গুলো এখন থেকে ধর্ম মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হবে। অন্যান্য সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান এ দায়িত্ব পালনে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় ইসলামিক ফাউন্ডেশন হালাল স্ট্যান্ডার্ড ও সার্টিফিকেশন অন্তর্ভুক্ত হওয়ায় এ খাতে সরকারি নীতিগত সমন্বয় আরও সুসংহত হবে। এর মাধ্যমে হালাল পণ্যের মান, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে নির্ধারিত মানদণ্ড অনুসরণ, সনদ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা এবং ভোক্তাদের আস্থা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।
ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশে হালাল সার্টিফিকেশন ও সনদ প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের বিভিন্ন উৎপাদনকারী, ডেইরি, প্রক্রিয়াজাত খাদ্য ও প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং রপ্তানিমুখী প্রতিষ্ঠানের তৈরি পণ্যে হালাল সনদ দেওয়ার মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের হালাল পণ্য ও সেবার বাজার সম্প্রসারণে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।



