যেসব দেশে রোজা শুরু হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে।
দেশগুলো হলো—সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন, কুয়েত, ইরাক, লেবানন, ফিলিস্তিন ও সুদান।
আল-জাজিরার একটি খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, নির্ভরযোগ্য একাধিক সাক্ষী রমজানের চাঁদ দেখার খবর দিয়েছেন; সে অনুযায়ী বুধবার থেকেই রোজা শুরু।
কাতারের দোহায় ধর্ম ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটিও বুধবারের দিনটিকে রমজানের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে।
সংযুক্ত আরব আমিরাতেও রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, প্রেসিডেনশিয়াল কোর্ট বুধবার থেকেই পবিত্র মাস শুরুর ঘোষণা দিয়েছে।
কুয়েতের সরকারি বার্তাসংস্থা কুনা জানায়, চাঁদ দেখার প্রমাণ পাওয়ায় বুধবার রমাজনের প্রথম দিন নির্ধারণ করা হয়েছে।
বাহরাইনে শরিয়াহ চাঁদ দেখা কর্তৃপক্ষ জানায়, সৌদি আরবে চাঁদ দেখা প্রমাণিত হওয়ায় বুধবারই রমজান শুরু হবে।
সুদানের ইসলামি ফিকহ একাডেমি রমজানের প্রথম দিন হিসেবে বুধবারকে ঘোষণা করেছে।
ইয়েমেনের সরকারি বার্তাসংস্থা সাবা জানায়, বুধবার থেকে রোজা শুরুর।
ইরাকে সুন্নি ওয়াক্ফ দপ্তরও বুধবারকে রমজানের প্রথম দিন বলে ঘোষণা করেছে।
এদিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা না যাওয়ায় অন্তত আটটি দেশ ঘোষণা দিয়েছে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পবিত্র রমজান শুরু হবে এবং প্রথম রোজা পালিত হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)।
দেশগুলো হলো—ওমান, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপাইন ও জাপান।
অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার ছিল শাবানের ২৮তম দিন। এসব দেশে বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা হবে। ফলে রমজান শুরুর তারিখ নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখার ঘোষণার ওপর।
ইতোমধ্যে বাংলাদেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও রোজা কবে থেকে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব সন্ধ্যা ৬টায় এ সভা বসবে।
অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি প্রধান অতিথি হিসেবেও উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সভা শেষে আনুষ্ঠানিকভাবে রোজা শুরুর ঘোষণা দেওয়া হবে।