মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত

আসন্ন পবিত্র রমজান মাসে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ১০ রাকাত তারাবি নামাজ আদায় করা হবে। তারাবির পর পড়া হবে তিন রাকাত বিতর নামাজ।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এবার রমজানে পাঁচ সালামে ১০ রাকাত তারাবি নামাজ পড়া হবে। এরপর আদায় করা হবে তিন রাকাত বিতর নামাজ।
কর্তৃপক্ষের মতে, এই বিন্যাসটি সুন্নি মুসলমানদের মধ্যে প্রচলিত ও দীর্ঘদিনের অনুসৃত একটি ঐতিহ্যবাহী পদ্ধতি। প্রতি বছরের মতো এবারও দুই মসজিদের তারাবির নামাজ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করা হবে।
জানা যায়, আগে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ২০ রাকাত তারাবি নামাজ পড়া হতো। ২০২০ সালে করোনা মহামারির সময় মুসল্লিদের স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারাবির নামাজ ১০ রাকাত করা হয়। এ নিয়ম পরে স্থায়ী করা হয়।
কর্তৃপক্ষের মতে, করোনার পরে তারাবি নামাজ ১০ রাকাত অব্যাহত রাখার কারণ হলো, মুসল্লিদের ক্লান্তি কমানো ও বেশি সংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেওয়া। এখানে রমজানে প্রচুর ওমরাযাত্রী আসেন। ১০ রাকাত তারাবির ফলে নামাজ ও ওমরা দুটিই সহজভাবে পালন করা যায়।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

