logo

ঘুমানোর আগে যে দোয়া পড়তে বলেছেন মহানবী (সা.)

ঘুমানোর আগে যে দোয়া পড়তে বলেছেন মহানবী (সা.)
দোয়া করছেন এক কিশোর। ছবি: ইসলামিক রিলিফ

সুস্থ-সুন্দর ও সুঠাম দেহ এবং স্বস্তির জীবন লাভের জন্য ঘুম খুব জরুরি। দেহের জন্য খাবার যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন পরিমিত ঘুম। আল্লাহ তাআলার অশেষ নেয়ামতের অন্যতম নেয়ামত ঘুম। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। তোমাদের জন্য রাতকে করেছি আবরণস্বরূপ। দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য।’ (সুরা নাবা, আয়াত: ৯-১১)

ঘুম আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ। ঘুমের মাধ্যমে মানুষের ক্লান্তি ও অবসাদ দূর হয়। সঠিক ও নিয়মতান্ত্রিক ঘুম মানুষের স্বাস্থ্য সুস্থ রাখে। আল্লাহর হুকুম ও হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত মোতাবেক ঘুমালে এটি ইবাদতও হয়।

ঘুমের জন্য সবচেয়ে উপযোগী সময় রাত। রাতে যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমানো উচিত। ফজর নামাজ যেন কাজ না হয়, সেদিকে পূর্ণ খেয়াল রাখতে হবে। মুয়াজ ইবনে জাবাল (রা.) বলেন, ‘আমি (রাতে) ঘুমাই এবং জেগে নামাজ আদায় করি। জেগে থেকে নামাজ আদায়ের মাধ্যমে যেভাবে সওয়াবের আশা করি, ঠিক তেমনি ঘুমানোর মাধ্যমেও সওয়াবের আশা করি।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৯৯৮)

সবকিছুর পর রাতের একটা সময় আমাদের ঘুমাতে হয়। ঘুমাতে যাওয়ার সময় দোয়া পড়া সুন্নত। ঘুমাতে যাওয়ার আগে হজরত মুহাম্মদ (সা.) দোয়া পড়তেন। দোয়াটি হলো-

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

উচ্চারণ: আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহ ইয়া।

অর্থ: হে আল্লাহ, আমি তোমারই নামে ঘুমাই এবং তোমার নামেই জাগ্রত হই।

হুজাইফা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রাতের বেলায় বিছানায় শোয়ার সময় গালের নিচে হাত রেখে এই দোয়া পড়তেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৩১৪)

ঘুমের মধ্যে ভয় পেলে যে দোয়া পড়বেন

অনেকে ঘুমের মধ্যে নানাবিধ স্বপ্ন দেখেন। কেউ আবার ঘুমের ঘরে ভয় পান। রাসুলুল্লাহ (সা.) এ থেকে পরিত্রাণের জন্য দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো-

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ: আউজু বি কালিমা তিল্লাহিত তাম্মাতি মিন গাজাবিহি, ওয়া ইকাবিহি, ওয়া শাররি ইবাদিহি, ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি, ওয়া আই ইয়াহ জুরুন।

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলোর উসিলা (মাধ্যম) দিয়ে তাঁর শাস্তি এবং তাঁর বান্দাদের ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। আমি আশ্রয় চাচ্ছি শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে।