logo

শ্বশুর-শাশুড়িকে জাকাত দেওয়া যাবে?

শ্বশুর-শাশুড়িকে জাকাত দেওয়া যাবে?

শ্বশুর-শাশুড়ি জাকাত গ্রহণের উপযুক্ত হলে তাদের জাকাত দেওয়া যাবে। কারণ, শ্বশুর-শাশুড়ির ভরণ-পোষণের খরচ বহন করা জামাইয়ের দায়িত্ব নয়। যাদের খরচ বহন করা ব্যক্তির ওপর অপহারির্য, তাদের জাকাত দেওয়া যাবে না। যেমন—বাবা-মা, দাদা-দাদি, স্ত্রী ও সন্তান; কোনো অবস্থাতেই তাদের জাকাত দেওয়া যাবে না। (আলবাহরুর রায়েক, খণ্ড: ২, পৃষ্ঠা: ২৪৩; আদ্দুররুল মুখতার, খণ্ড: ২, পৃষ্ঠা: ৩৪৫-৬)

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ইউটিউব চ্যানেলে ‘শ্বশুর-শাশুড়িকে জাকাত দেওয়া যাবে’ প্রশ্নের জবাবে বলেন, ‘শ্বশুর-শাশুড়ি জাকাতের উপযুক্ত বা গরিব হলে তাদের জাকাত দেওয়া যাবে। কারণ, তাদের ভরণ-পোষণের দায়িত্ব মেয়ের জামাইয়ের ওপর নয়।’

জাকাতের টাকা সবাইকে দেওয়া যায় না। আল্লাহ তাআলা সুরা তওবার ৬০ নম্বর আয়াতে যাদের জাকাত দেওয়া যাবে, তাদের নাম উল্লেখ করেছেন। যেমন—এক. গরিব ব্যক্তি, যার নেসাব পরিমাণ সম্পদ নেই। দুই. মিসকিন, যার মালিকানায় কোনো সম্পদ নেই। তিন. ইসলামি সরকারের পক্ষ থেকে জাকাত সংগ্রহে নিয়োজিত ব্যক্তি। চার. ইসলামের দিকে চিত্ত আকর্ষণের জন্য জাকাত দেওয়া। পাঁচ. ঋণগ্রস্ত ব্যক্তি। ছয়. নির্দিষ্ট পরিমাণ সম্পদের বিনিময়ে স্বাধীন হওয়ার চুক্তিতে আবদ্ধ দাস-দাসী। সাত. আল্লাহর রাস্তায় জিহাদকারী। আট. মুসাফির—সফর অবস্থায় অভাবগ্রস্ত মানুষ।

 

যাদের জাকাত দেওয়া যায় না

  • নেসাব পরিমাণ সম্পদের অধিকারী বা ধনীকে জাকাত দেওয়া যাবে না।
  • জাকাতের টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে না। ব্যয় করা হলে জাকাত আদায় হবে না। যেমন—রাস্তাঘাট, পুল নির্মাণ করা, কূপ খনন করা, বিদ্যুৎ-পানি ইত্যাদির ব্যবস্থা করা। কারণ, শরিয়তে জাকাতের বিধান দেওয়া হয়েছে ব্যক্তির প্রয়োজন পূরণের জন্য; সামাজিক প্রয়োজন পূরণের জন্য নয়।
  • জাকাতের টাকা দিয়ে মসজিদ-মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করা, ইসলাম প্রচারের জন্য ব্যাপকভাবে ব্যয় করা, ইমাম-মুয়াজ্জিনের বেতন-ভাতা দেওয়া, ওয়াজ-মাহফিলের জন্য ব্যয় করা যাবে না।
  • নিজের বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি, পরদাদা প্রমুখ ব্যক্তি—যারা তার জন্মের উৎস, তাদের নিজের জাকাত দেওয়া জায়েজ নয়। নিজের ছেলেমেয়ে, নাতি-নাতনি এবং তাদের অধস্তনকে নিজ সম্পদের জাকাত দেওয়া জায়েজ নয়। স্বামী-স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। তবে কোনো কোনো ইসলামি স্কলার বলেন, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে। 
  • সম্পদশালীর অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েকে জাকাত দেওয়া যাবে না।
  • কুরাইশ বংশের বনু-হাশেমের অন্তর্গত আব্বাস, জাফর, আকিল (রা.)-এর বংশধরকে জাকাত দেওয়া যাবে না।
  • অমুসলিম ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না।
  • প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী প্রতিষ্ঠানের এতিমখানা/লিল্লাহ বোর্ডিংয়ের জন্য জাকাত আদায়কারী নিযুক্ত হলে তাকে ব্যক্তিগতভাবে হাদিয়া দেওয়া যাবে না।
  • উপার্জনকারী যদি উপার্জন ছেড়ে দিয়ে নামাজ-রোজা ইত্যাদি নফল-ইবাদতে মশগুল হয়, তাকে জাকাত দেওয়া যাবে না।
  • উপার্জন সক্ষম অলস ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না।
  • নিজ কর্মচারীকে জাকাতের টাকায় বেতন-ভাতা দেওয়া যাবে না।