logo

রাতেই নতুন গিলাফে সাজবে কাবা, কার্যক্রম শুরু

রাতেই নতুন গিলাফে সাজবে কাবা, কার্যক্রম শুরু
পবিত্র কাবা শরিফ থেকে খোলা হচ্ছে পুরোনো গিলাফ। ছবি: সংগৃহীত

প্রতিবছরই আরবি নববর্ষের প্রথম রাতে মক্কার মসজিদুল হারামে কাবা শরিফের গিলাফ (কিসওয়া) পরিবর্তন করা হয়। এবার ১৪৪৮ হিজরিতেও কাবা শরিফে গিলাফ পরানো হচ্ছে। এর মধ্যে গিলাফ পরিবর্তনের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৫ জুন) দ্য ইসলামিক ইনফরম্যাশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এশার নামাজের পর কাবা শরিফের গিলাফ পরিবর্তনের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে কাবা থেকে পুরাতন গিলাফ খোলা হয়েছে। বর্তমানে সেটি সরানোর কাজ চলছে।

এদিকে বড় গাড়িতে করে কাবার নতুন গিলাফ মসজিদে হারামের চত্বরে প্রবেশ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

কাবা শরিফে পরানোর জন্য গাড়িতে করে হারাম চত্বরে আনা হলো নতুন গিলাফ। ছবি: ভিডিও থেকে নেওয়া
কাবা শরিফে পরানোর জন্য গাড়িতে করে হারাম চত্বরে আনা হলো নতুন গিলাফ। ছবি: ভিডিও থেকে নেওয়া

কিং আবদুল আজিজ কমপ্লেক্সে এই নতুন গিলাফ তৈরির কাজ শুরু হয় মূলত কয়েক মাস আগেই। সেখানে একদল বিশেষজ্ঞ কারিগর সম্পূর্ণ খাঁটি প্রাকৃতিক রেশম দিয়ে এটি তৈরি করেন। এরপর অত্যন্ত নিখুঁতভাবে সোনা ও রুপার প্রলেপ দেওয়া সুতা দিয়ে এতে এমব্রয়ডারি করা হয়।

নতুন গিলাফ বা কিসওয়া তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪৭টি বিশুদ্ধ প্রাকৃতিক রেশমের প্যানেল। এতে সোনালি ও রুপালি প্রলেপযুক্ত সুতা দিয়ে এমব্রয়ডারি ও ক্যালিগ্রাফির মাধ্যমে পবিত্র কোরআনের ৬৮টি আয়াত খচিত রয়েছে। গিলাফটির মোট ওজন প্রায় ১ হাজার ৪২৫ কেজি।