নতুন কাপড় না ধুয়ে পরলে নামাজ হবে কি

স্বভাবজাত প্রয়োজনের তাগিদেই মানুষ পোশাক পড়ে। পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। ব্যক্তিত্বের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। কাপড় পুরাতন হলে নতুন কাপড় কেনে মানুষ। এ ছাড়াও আনন্দ, উৎসব, আয়োজন ও ঈদে নতুন কাপড় কেনার ধুম পড়ে। নতুন পোশাকের বিষয়ে অনেকে জানতে চান, নতুন কাপড় না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না?
ইসলামি বিশেষজ্ঞরা বলেন, নতুন কাপড় অপবিত্র হওয়ার বিষয়ে নিশ্চিত না হলে তা পবিত্র হিসেবে ধরা হবে। নতুন কাপড় পরে নামাজ পড়া যাবে। শুধু সন্দেহ বা মনের ধারণার ভিত্তিতে তা নাপাক বলা যাবে না।
সাধারণত নতুন কাপড়ে নাপাক লাগার কোনো আলামত থাকে না, তাই মূলত তা পবিত্র। তবে কাপড়ে নাপাক লাগার বিষয়টি নিশ্চিত হলে বা প্রবল ধারণা হলে তা অপবিত্র বলে বিবেচিত হবে।
ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারে এক ফতোয়ায় বলা হয়েছে, নতুন কাপড়ে নাপাক হওয়ার বিষয়ে নিশ্চিত না হলে তা পবিত্র ধরা হবে। নিছক সন্দেহ বা মনের ধারণার ভিত্তিতে তা অপবিত্র বলা যাবে না। নতুন কাপড়ে যেহেতু নাপাক লাগার কোনো আলামত পাওয়া যায় না, তাই মূলত তা পবিত্র। তবে কোনো কাপড়ে নাপাকি লাগা নিশ্চিত হলে কিংবা প্রবল ধারণা হলে সেটি অপবিত্র বলে বিবেচিত হবে। অতএব নতুন কাপড় না ধুয়ে পরিধান করা ও তা গায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ। তবে ধুয়ে পরাই ভালো। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৩৬২)
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ফাউন্ডেশনের ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘নতুন কাপড় ধোয়া জরুরি নয়। ধোয়া ছাড়া নামাজ পড়া যাবে। নতুন কাপড় না ধুয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না। স্বাস্থ্যগত কারণ বা খসখসে ভাব দূর করার বিবেচনায় ধোয়া যেতে পারে। নতুন কাপড় অপবিত্র হওয়ার সম্ভাবনা থাকে না।’
.png)





