logo
Advertisement

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

এশিয়া পোস্ট নিউজ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববি। ছবি : সামাজিক মাধ্যম

আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও তার জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ (২৬ আগস্ট) সরকারি ছুটি।

Advertisement

পবিত্র এ দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভাসহ বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসলামের ইতিহাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে বিবেচিত। তার জীবন ছিল সত্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা, ক্ষমা ও শান্তির শিক্ষায় পরিপূর্ণ। তার আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় এ দিনে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সরকার সারা দেশে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ বিশ্বমানবতার জন্য চিরন্তন পথনির্দেশ। তার চরিত্রে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, সহনশীলতা, মানবিকতা ও পরম মমত্ববোধের অনন্য সমন্বয় ঘটেছিল। দরিদ্র, এতিম, অসহায় ও নিপীড়িত মানুষের প্রতি তিনি ছিলেন মমতাশীল।

রাষ্ট্রপতি বলেন, নারী, শিশু, প্রতিবেশী ও মেহনতি মানুষের অধিকার আদায়ে মহানবী (সা.) সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। তিনি মানুষকে শিখিয়েছেন— ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, অঞ্চল কিংবা সামাজিক অবস্থানের কারণে কোনো মানুষকে অবজ্ঞা করা যাবে না। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফের সমাজ গঠনই ছিল তার অন্যতম শিক্ষা।

প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তার আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল।

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র‍্যাব। ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা ও গুজব মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার প্যাট্রলিং বাড়ানো হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব।

সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। তার বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই তিনি বাবাকে হারান এবং ছয় বছর বয়সে মাতৃহারা হন। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কুরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করবে। অনেকে এদিনে নফল রোজাও রাখেন।