logo

পানিতে ডুবে মৃতরাও কি শহীদ 

পানিতে ডুবে মৃতরাও কি শহীদ 

মৃত্যুর মতো চিরন্তন সত্য পৃথিবীতে আর নেই। যে জন্মেছে, সে মরবেই।  মৃত্যুকে ভুলে থাকা যায়, কিন্তু এর থেকে পালিয়ে বেড়ানো যায় না। আল্লাহ বলেন, ‘জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে বিশেষভাবে পরীক্ষা করে থাকি। আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৩৫)

সবাই স্বাভাবিক মৃত্যু কামনা করে। কিন্তু সবার স্বাভাবিক মৃত্যু হয় না। কেউ অসুখে, কেউ দুর্ঘটনায়, আবার কেউ প্রাকৃতিক দুর্যোগে মারা যায়। পানিতে ডুবে মৃত্যু তেমনই এক বেদনাদায়ক ঘটনা। 

ইসলামি শরিয়তে বিশেষ ধরনের কিছু মৃত্যুকে শাহাদাত বা শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘কিছু ব্যক্তি আখেরাতে শহীদের মর্যাদা লাভ করবে, যদিও তারা দুনিয়াতে যুদ্ধক্ষেত্রে নিহত হয়নি।’ 

ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে যারা নিহত হন, তারা শহীদ। তাদের ছাড়া আরও সাত ধরনের শহীদ আছে। যথা—

  • মহামারিতে মৃত্যুবরণকারী। 
  • পানিতে ডুবে মৃত্যুবরণকারী।
  • ফুসফুসের রোগে মৃত্যুবরণকারী।
  • পেটের পীড়ায় বা রোগে মৃত্যুবরণকারী।
  • আগুনে পুড়ে মৃত্যুবরণকারী।
  • ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী। 
  • সন্তান প্রসবের সময় মৃত্যুবরণকারী নারী।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পানিতে ডুবে, কলেরায়, প্লেগে ও ভূমিধসে বা চাপা পড়ে মৃতরা শহীদ।’ (সহিহ বুখারি, হাদিস: ৭২০)

আরেক হাদিসে আছে, ‘একবার রাসুলুল্লাহ (সা.) বললেন, তোমাদের মধ্যে কোন কোন ব্যক্তিকে শহীদ বলে গণ্য কর।’ তারা বলল, ‘হে আল্লাহর রাসুল, আল্লহর পথে যে নিহত হয়, সেই শহীদ।’ তিনি বললেন, ‘তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদ খুবই অল্প।’ লোকেরা বলল, ‘হে আল্লাহর রাসুল, তাহলে কারা শহীদ বলে গণ্য হবে?’ তিনি বললেন, ‘যে আল্লাহর পথে নিহত হয় সে শহীদ, যে আল্লাহর পথে মারা যায় সে শহীদ, যে প্লেগ রোগে মারা যায় সে শহীদ, যে পেটের রোগে প্রাণ হারায় সে শহীদ এবং যে পানিতে ডুবে মারা যায় সেও শহীদ।’ (রিয়াজুস সালেহিন, হাদিস: ১৩৬২)

হাদিস থেকে বোঝা যায়, পানিতে ডুবে মৃত্যুবরণকারী শহীদ। সে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবে। শহীদের মতো সওয়াব পাবে। মূলত ব্যক্তি এ মর্যাদা পাবে আখেরাতের হিসেবে। তার জানাজা, কাফন-দাফন করতে হবে সাধারণ মৃত ব্যক্তির মতোই। যারা ইসলামের জন্য যুদ্ধে গিয়ে শহীদ হয়, তাদের গোসল দেওয়া  হয় না। কিন্তু এ ছাড়া অন্য সাত প্রকার শহীদদের গোসল দিতে হবে। 

কেউ যদি আত্মহত্যার জন্য পানিতে ডুবে মারা যায়, তাহলে তা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ইসলাম আত্মহত্যাকে কঠোরভাবে নিষেধ করেছে এবং এর জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে। সুতরাং অনিচ্ছাকৃত দুর্ঘটনা বা প্রাকৃতিক কারণে পানিতে ডুবে মৃত্যুবরণকারী শহীদের মর্যাদা পাবেন। 

লেখক: মুহাদ্দিস, দারুল উলুম বাগে জান্নাত, নারায়ণগঞ্জ