logo

ঘুমের মধ্যে ভয় পেলে যে দোয়া পড়বেন

ঘুমের মধ্যে ভয় পেলে যে দোয়া পড়বেন

ঘুম আল্লাহর নেয়ামত। পর্যাপ্ত ও আরামদায়ক ঘুম মানুষকে সক্রিয় ও সতেজ করে তোলে। ঘুমের জন্য সবচেয়ে উপযোগী সময় হলো রাত। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। তোমাদের জন্য রাতকে করেছি আবরণস্বরূপ। দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য।’ (সুরা নাবা, আয়াত: ৯-১১)

অনেকে ঘুমের মধ্যে নানাবিধ স্বপ্ন দেখেন। কেউ আবার ঘুমের ঘরে ভয় পান। রাসুলুল্লাহ (সা.) এ থেকে পরিত্রাণের জন্য দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো—

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ: আউজু বিকালিমা তিল্লাহিত তাম্মাতি মিন গাজাবিহি, ওয়া ইকাবিহি, ওয়া শাররি ইবাদিহি, ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি, ওয়া আই ইয়াহ জুরুন।

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলোর উসিলা (মাধ্যম) দিয়ে তাঁর শাস্তি এবং তাঁর বান্দাদের ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। আমি আশ্রয় চাচ্ছি শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে। 

হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) এই বাক্যগুলো তার প্রাপ্তবয়স্ক সন্তানদের শেখাতেন এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য লিখে তা তার গলায় ঝুলিয়ে দিতেন। (সুনানে তিরমিজি, হাদিস: ৩৫২৮)

ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলে আরও কিছু আমল করা যেতে পারে। যেমন— 

  • শরীরের বাঁ দিকে তিনবার হালকা থুথু নিক্ষেপ করা। (সহিহ মুসলিম, হাদিস: ২২৬১)
  • ঘুমের কাত পরিবর্তন করে অন্য দিকে মুখ ফিরিয়ে নেওয়া। (সহিহ মুসলিম, হাদিস : ২২৬২)
  • খারাপ স্বপ্ন দেখলে কারও কাছে না বলা। (সহিহ বুখারি, হাদিস: ৬৫৮৩)