logo

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন

প্রখ্যাত ইসলামি বক্তা পীরজাদা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। আজ মঙ্গলবার আসর নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ইসলামি বক্তা হিসেবে দেশজুড়ে খ্যাতি লাভ করেছিলেন মাওলানা মীর হাবিবুর রহমান। তিনি ওয়াজের মাঠে যুক্তির আলোকে ইসলামি বিধি-বিধান তুলে ধরতেন। এ জন্য তিনি যুক্তিবাদী হিসেবে সারা দেশে পরিচিতি পান। 

হাবিবুর রহমান যুক্তিবাদীর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বারুদী গ্রামে। তার জন্ম ১৯৪৭ সালে। তার বাবা মাওলানা মীর মনিরুদ্দীন। তিনি ছিলেন ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীনের খলিফা। 

মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে সারা দেশে ওয়াজ-মাহফিল করেছেন তিনি। এ ছাড়াও সৌদি আরব, কুয়েত, কাতার, আমেরিকা, কানাডা, জার্মানি, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন।  

মাওলানা মীর হাবিবুর রহমানের পড়াশোনার হাতেখড়ি নিজ গ্রামেই। ওই গ্রামের নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। নারায়ণগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ১৯৬৭ সালে ফাজিল পাস করেন। ঢাকার মাদ্রাসা-ই-আলিয়া থেকে প্রথম বিভাগে কামিল পাস করে পড়াশোনা শেষ করেন তিনি।