সাপোজিটরি নিলে কি রোজা ভাঙবে

রোজা অবস্থায় সাপোজিটরি বা ডুস নিলে রোজা ভাঙবে কি না, এ বিষয়ে ইসলামি বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। কারও মতে, সাপোজিটরি নিলে রোজা ভেঙে যায়। পরে এর কাজা আদায় করতে হবে। তবে কাফফারা দিতে হবে না। তাদের মতে, মলদ্বারের ভেতর কোনো ওষুধ ব্যবহার করলে রোজা ভেঙে যায়। (খুলাসাতুল ফাতাওয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৫৩; ফাতাওয়া তাতারখানিয়া, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩৭৮)
শাইখ উসাইমিন (রহ.) বলেন, ‘শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মত হলো, ডুস নিলে রোজা ভাঙে না। এটিই অগ্রগণ্য মত। (আল-শারহুল মুমতি, খণ্ড: ৬, পৃষ্ঠা: ৩৮১)। তার মতে, ডুস বা সাপোজিটরি খাদ্য নয়, খাদ্যের বিকল্পও নয় এবং তা পাকস্থলীতেও পৌঁছায় না। এটা এক ধরনের ওষুধ, যা মলম বা ক্রিমের সঙ্গে তুলনা করা যায়।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘সাপোজিটরি বা ডুস ব্যবহার করলে রোজা ভাঙবে না। রোজাদার চাইলে অসুস্থতার কারণে মলদ্বার দিয়ে ডুস ব্যবহার করতে পারবে। বিশ্ববিখ্যাত ইসলামি একাডেমিক ফতোয়ার সাইট আদ-দুরারো সানিইয়ায় স্পষ্ট করে ফতোয়া দেওয়া হয়েছে, রোজা রেখে সাপোজিটরি বা ডুস ব্যবহার করা যাবে। এতে রোজা ভাঙবে না। কাতারের ফতোয়া বিভাগও এ ফতোয়া দিয়েছে।’
তিনি বলেন, ‘প্রথমত ডুস মানুষের পেটে বা পাকস্থলীতে যায় না, যা মানুষের খাদ্যের কাজ দিতে পারে। দ্বিতীয়ত, এই সাপোজিটরি মানুষের শরীরে খাদ্য বা পানীয়র কাজ দেয় না।’