logo

চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ও জান্নাতের নেয়ামত

চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ও জান্নাতের নেয়ামত
তারাবি নামাজ পড়ছেন মুসল্লিরা। সংগৃহীত ছবি

আজ খতমে তারাবিতে পবিত্র কোরআনের ২৭তম পারা তেলাওয়াত করা হবে। সুরা জারিয়াতের ৩১ থেকে সুরা তুর, সুরা নাজম, সুরা কমার, সুরা রহমান, সুরা ওয়াকিয়া ও সুরা হাদিদ পড়া হবে। আজকের তারাবিতে কাফেরদের ভ্রান্ত চিন্তার খণ্ডন, আসমান-জমিন সৃষ্টি, মানুষ ও জিন জাতি সৃষ্টির উদ্দেশ্য, নবীজির দাওয়াত, মেরাজ, পূর্ববর্তী জাতির অবাধ্যতার পরিণতি, তাকদির, উপদেশ, আল্লাহর পথে জীবন-সম্পদ উৎসর্গ ও নবীজির হাতের ইশারায় চাঁদ বিদীর্ণ হওয়া, আল্লাহর অস্তিত্ব, ইমান, ইমানদারের প্রতিদান ইত্যাদি বিষয়ের বিবরণ রয়েছে। 

যে কারণে মানুষ সৃষ্টি করা হলো 
সৃষ্টির সেরা জীব মানুষ। আল্লাহ মানুষের কাছে ধনদৌলত চান না। মানুষ তাঁর আনুগত্য করবে, দাসত্ব করবে, ইবাদত করবে, এটাই তাঁর চাওয়া। মানুষকে সৃষ্টিও করেছেন তাঁর ইবাদতের জন্য। আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত পথ ও মতে জীবন পরিচালনা করা হলো  ইবাদত। সুরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানবজাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি।’ 

যা আছে সুরা তুরে
৪৯ আয়াত বিশিষ্ট সুরা তুর মক্কায় অবতীর্ণ। এ সুরায় নবীজি (সা.)-এর দাওয়াতের বিপরীতে কাফেরদের মশকরা, আল্লাহর একত্ববাদ, দাওয়াত অব্যাহত রাখার আদেশ, কাফেরদের ভ্রান্ত চিন্তা খণ্ডন, মুমিন-মুত্তাকিরা জান্নাতে কেমন থাকবে, জান্নাতিরা কত নেয়ামতের মধ্যে থাকবে ইত্যাদির বয়ান আছে এ সুরায়। 

জান্নাতিদের নেয়ামত
সুরা তুরের ১৭ থেকে ২৮ নম্বর আয়াতে জান্নাতে তাদের অবস্থান সম্পর্কে কয়েকটি নেয়ামতের বর্ণনা রয়েছে। যেমন—

সুরা নাজমের বিষয়বস্তু
সুরা নাজম কোরআনের ৫৩তম। মক্কায় অবতীর্ণ ৬২ আয়াত বিশিষ্ট এ সুরায় আল্লাহ তাআলা বেশ কিছু বিষয়ের কসম করে মুহাম্মদ (সা.)-এর সত্য নবী হওয়া, তাঁর প্রতি নাজিলকৃত ওহিতে (প্রত্যাদেশ) সন্দেহ ও সংশয় না থাকার প্রমাণ, মূর্তি উপাসক ও যারা ফেরেশতাদের আল্লাহর কন্যা সাব্যস্ত করে তাদের নিন্দা, কিয়ামতের বর্ণনা, কারও গুনাহের বোঝা অপরের কাঁধে চাপানো হবে না এবং আল্লাহর কুদরতের বর্ণনা রয়েছে। এ সুরার শেষ আয়াতে সিজদার আদেশ দেওয়া হয়েছে। 

 

মহানবীর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা
মক্কায় অবতীর্ণ সুরা কমার কোরআনের ৫৪তম সুরা। এ সুরার আয়াত সংখ্যা ৫৫। সুরার শুরুতে মহানবী (সা.)-এর আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বর্ণনা রয়েছে। নবীজি (সা.) তখন মক্কার মুশরিক ও ইহুদিদের একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। আবু জাহেলের নেতৃত্বে একদল মুশরিক ও ইহুদিরা জানাল, ‘মুহাম্মদকে আল্লাহর রাসুল হিসেবে মেনে নেব, যদি সে চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে।’ নবীজি আল্লাহর কাছে দোয়া করে আঙুলের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। মুশরিকরা নবীজির মোজেজাকে জাদু বলে আখ্যায়িত করেছিল। ইহুদিরা ইসলাম গ্রহণ করেছিল। কারণ তারা তাওরাতে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি জেনেছিল। চাঁদ এত স্পষ্টভাবে দুই টুকরা হয়েছিল যে, ওই দুই টুকরার ব্যবধানের মধ্যে হেরা পর্বত দেখা যাচ্ছিল। 

আল্লাহর অগণিত নেয়ামত
সুরা রহমান কোরআনের ৫৫তম সুরা। মদিনায় অবতীর্ণ এ সুরার আয়াত সংখ্যা ৭৮। এর সুরায় আল্লাহ দুনিয়া-আখেরাতের বহু নেয়ামতের উল্লেখ করেছেন। দুনিয়া-আখেরাতের নেয়ামতের বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তাআলা মোট ৩১ বার প্রশ্ন করেছেন, ‘অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?’ তাফসিরবিদেরা বলেন, ‘এটা এ জন্য যাতে, বিশ্বাসীরা আল্লাহর নেয়ামতকে স্বীকার করে তাঁর প্রশংসা করে।’ 

যা আছে সুরা ওয়াকিয়ায়
মক্কায় অবতীর্ণ ৯৬ আয়াত বিশিষ্ট সুরা ওয়াকিয়া। এ সুরার আরেক নাম গিনা—সমৃদ্ধিশালী। এ সুরা তেলাওয়াতে অভাব দূর হয়। জীবনে সমৃদ্ধি আসে। এ সুরায় কিয়ামতের সময়কার বিভিন্ন বর্ণনা, আল্লাহর অস্তিত্ব, একত্ববাদ, কুদরত ও ক্ষমতার প্রমাণ, পুনরুত্থান ও হিসাব-নিকাশ, কোরআনের মাহাত্ম্য, বিশেষ নৈকট্যপ্রাপ্ত, সাধারণ জান্নাতি এবং কাফের; কিয়ামত দিবসে এই তিন শ্রেণির মানুষের অবস্থা, মানুষ সৃষ্টির প্রক্রিয়া ও আল্লাহর আনুগত্যের আলোচনা রয়েছে। 

সুরা হাদিদে লোহা সৃষ্টির গল্প
কোরআনের ৫৭তম সুরা হাদিদ মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা ৯৬। হাদিদ অর্থ লোহা। লোহা সৃষ্টির আলোচনা থাকায় এ সুরার নাম হাদিদ। এ সুরায় সবকিছু আল্লাহর, তিনি মালিক, সবকিছু তাঁর প্রশংসা করে, দ্বীন প্রতিষ্ঠায় জীবন-সম্পদ কোরবানি, দুনিয়ার মোহে ধোঁকায় না পড়া, আল্লাহর ভয়, বিশ্বাসীদের প্রতিদান, আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ইমান ইত্যাদি বিষয়ের আলোচনা আছে।