ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: আহমাদুল্লাহ

জনবহুল ও অপরিকল্পিত নগরায়ণের ঢাকা শহরে ভেনেজুয়েলার মতো ভয়াবহ ভূমিকম্প হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা আল্লাহ ভালো জানেন বলে শঙ্কা প্রকাশ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, এসব ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা।
বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘ভেনেজুয়েলার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে প্রায় এক লাখ মানুষের হতাহতের আশঙ্কা! ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা।’
মহান আল্লাহর বিশাল সৃষ্টি ও মহাশক্তির সামনে মানুষ ক্ষুদ্র ও অসহায় জানিয়ে তিনি লেখেন, ‘কিয়ামতে এভাবেই আমাদের তিল তিল করে গড়ে তোলা স্থাপনা, সম্পদ ও আয়োজন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে—এ যেন তারই একটি নমুনা।’
তিনি আরও লেখেন, ‘এসব ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা। বাংলাদেশে অনেক দিন ধরেই ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। জনবহুল ও অপরিকল্পিত নগরায়ণের এই শহরে যদি অমন ভয়াবহ ভূমিকম্প হয়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা আল্লাহই ভালো জানেন।’
তিনি সবাইকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে নির্মাণ ও নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানান।
পোস্টের শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দুর্যোগ থেকে বাঁচার আগাম ও যথাযথ প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ জানান শায়খ আহমাদুল্লাহ।






