logo
Advertisement

মারা গেছেন তাবলিগের প্রবীণ মুরুব্বি মাওলানা এহসানুল হক

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মারা গেছেন তাবলিগের প্রবীণ মুরুব্বি মাওলানা এহসানুল হক
মাওলানা এহসানুল হক। ছবি: তাবলিগ-ইজতেমা প্রেস ডেস্ক

পাকিস্তানের রায়বেন্ড তাবলিগ জামাতের আলমি শুরার সদস্য ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানসহ দেশ-বিদেশের তাবলিগ জামাতের সাথি, আলেম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

তাবলিগ জামাত বাংলাদেশ আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ডসহ বিশ্বের তাবলিগ জামাতের আলমি শুরার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরুব্বি হিসেবে দীর্ঘদিন দাওয়াত ও তাবলিগের কাজে যুক্ত ছিলেন।

মাওলানা এহসানুল হক দীর্ঘ সময় ধরে দাওয়াত ও তাবলিগের মেহনতের মাধ্যমে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইলম শিক্ষা, শিক্ষকতা ও দাওয়াতি মেহনতের পাশাপাশি তিনি তাবলিগের প্রবীণ মুরুব্বিদের সান্নিধ্যে থেকে দীর্ঘদিন দ্বীনি কাজ করেছেন।

জানা যায়, পারিবারিকভাবেও তিনি তাবলিগ জামাতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি পাকিস্তানের তাবলিগ জামাতের আমির বাবু বশির সাহেবের ছেলে ছিলেন। তার বাবা তাকে দ্বীনের কাজে ওয়াকফ করে দিয়েছিলেন বলে জানা যায়।

শিক্ষাজীবনে মাওলানা এহসানুল হক সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করেছেন। সেখানে তিনি মাওলানা হারুনের সঙ্গে একই সময়ে পড়াশোনা করেন। তিনি শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভি (রহ.)-এর কাছে হাদিস অধ্যয়ন করেন এবং পরবর্তী সময়ে দীর্ঘদিন তার খেদমতে নিয়োজিত ছিলেন।

ছাত্রজীবনেই তার ইলমি ও রুহানি যোগ্যতায় সন্তুষ্ট হয়ে শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.) তাকে খেলাফত দেন। পড়াশোনা শেষ করার পর তৎকালীন আলেমদের তাবলিগে সময় দেওয়ার প্রচলিত রীতি অনুযায়ী তিনি সাত চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হন।

তাবলীগের নির্ধারিত সময়ের মেহনত শেষ করার পর তিনি ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন। সেখানে তিনি মাওলানা হারুন সাহেবের সঙ্গে শিক্ষকতা করেছেন বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়।

মাওলানা ইউসুফ (রহ.)-এর মৃত্যুর পর এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ড মারকাজে চলে আসেন। এরপর ইলম শিক্ষা ও দাওয়াতি মেহনতের পাশাপাশি রায়বেন্ড মারকাজের বিভিন্ন দায়িত্বে থেকে তাবলিগের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া মাওলানা ইলিয়াস (রহ.)-এর বংশের সঙ্গেও তার ঘনিষ্ঠ ও সুসম্পর্ক ছিল।