হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে হজ সংশ্লিষ্ট আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৫ জুন) মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ বিষয়ক পত্র জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ, কাফেলা নামের কিছু প্রতিষ্ঠান ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ ঘোষণা করে পবিত্র হজে গমনেচ্ছুদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, এজেন্ট, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। তাদের মাধ্যমে হজে গমন সম্ভব নয়।
২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন শিগগিরই ঘোষণা করা হবে উল্লেখ করে প্রকাশিত হজ প্যাকেজ ও গাইডলাইন অনুসরণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়।






