কাল রাজশাহীতে তাফসিরুল কোরআন মাহফিল করবেন আজহারি

রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তাফসিরুল কোরআন মাহফিল করবেন জনপ্রিয় ইসলামিক আলোচক শায়খ মিজানুর রহমান আজহারি।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে আজহারি লিখেছেন, রাজশাহী বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত রাজশাহী মাদ্রাসা মাঠের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে। তিনি সবাইকে মাহফিলে আসার আহ্বান জানান।
এদিকে রাজশাহীতে মিজানুর রহমান আজহারির আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হয়েছে। মাহফিলে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
ওলামা মাশায়েখ পরিষদ, রাজশাহীর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। তবে প্রধান আলোচক ড. মিজানুর রহমান আজহারি বাদ মাগরিবের পর আলোচনা করবেন। মাহফিলে দেশবরেণ্য আলেম ও মুফাসসিররাও বক্তব্য দেবেন।
মাহফিলকে ঘিরে এর মধ্যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মাঠের সাজসজ্জা ও অন্যান্য অবকাঠামোগত কাজও শেষ পর্যায়ে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি বিবেচনায় নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা এবং প্রবেশের জন্য আলাদা গেট রাখা হয়েছে।
এ ছাড়া মাঠের বাইরেও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৫টি জায়ান্ট স্ক্রিনে মাহফিল সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এলইডি স্ক্রিনের মাধ্যমে মাহফিল দেখার বিশেষ ব্যবস্থার কথাও জানিয়েছেন আয়োজকরা।
ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন জানান, রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
এর আগে, গত ২৫ নভেম্বর ফেসবুক পোস্টে দেশের আট বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল করার ঘোষণা দিয়েছেন মিজানুর রহমান আজহারি।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারি জানিয়েছেন, এক বছর বিরতির পর আট বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কোরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। আবহমান কাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে।
দ্বীনি এই আয়োজনগুলো সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন আজহারি।



