দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তির দোয়া

জীবনের এক অনাকাঙ্ক্ষিত অংশ দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা। এতে মানুষের জীবন অসহ্য হয়ে উঠে। তাকে কুরে কুরে খায়। মানুষ মাত্রই দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা থেকে মুক্তি চায়। প্রশান্তিতে থাকতে চায়। ইসলামে এই সমস্যা থেকে মুক্তির জন্য কোরআন ও হাদিসে বর্ণিত বিশেষ দোয়া আছে। দোয়াগুলো পড়লে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আল্লহর রহমত লাভ করা যায়। এখানে কয়েকটি দোয়া উল্লেখ করা হলো—
১. আনাস ইবনে মালেক (রা.) বলেন, হাদিসে দুশ্চিন্তা ও উদ্বেগ থেকে মুক্তি পেতে একটি দোয়া পড়তে বলা হয়েছে। দোয়াটি হলো—
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَقَهْرِ الرِّجَالِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি। ওয়া আউজু বিকা মিনাল আজযি ওয়াল কাসলি। ওয়া আউজু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজু বিকা মিন গালাবাতিদ দাইন। ওয়া কাহরার রিজাল।
অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, ঋণের বোঝা এবং মানুষের দ্বারা পরাভূত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সহিহ বুখারি, হাদিস: ৬৩৬৯)
২. সকাল-সন্ধ্যা এ দোয়াটি সাতবার পড়লে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেন আল্লাহ। দোয়াটি হলো—
حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيهِ تَوَكَّلتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
উচ্চারণ: হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহ হুয়া আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।
অর্থ: আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো উপাসক নেই। আমি তাঁর ওপর ভরসা করলাম। আর তিনিই মহান আরশের অধিপতি
৩. নবী ইউনুস (আ.) বিপদে পড়ে একটি দোয়া পড়েছেন। পরে আল্লাহ তাঁকে মুক্তি দেন। দোয়াটি হলো—
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন।
অর্থ: আপনি ছাড়া কোনো উপাসক নেই। আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত।