logo

ইতিকাফে বসে অনলাইনে ব্যবসা করা যাবে?

ইতিকাফে বসে অনলাইনে ব্যবসা করা যাবে?

হজরত মুহাম্মদ (সা.) অত্যন্ত গুরুত্বের সঙ্গে ইতিকাফ করতেন। তিনি জীবনে কখনো রমজানে ইতিকাফ ছাড়েননি। হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত হিসেবে মুসলিমদের অনেকে প্রতি বছর রমজানে ইতিকাফ করেন। এরমধ্যে অনেক ব্যবসায়ীও থাকেন। মোবাইল বা অনলাইনে ব্যবসা করেন এমন লোকও ইতিকাফে বসেন। তাদের সঙ্গে গ্রাহকরা অনলাইনে যোগাযোগ করেন। প্রশ্ন হলো, মসজিদে ইতিকাফে বসে মোবাইল বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে ব্যবসা করা জায়েজ হবে কি না?

ইতিকাফের অন্যতম লক্ষ্য হলো, দুনিয়ার ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া। বিনয় ও নম্রতায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা। বিশেষ করে কদরের রাতে ইবাদত করার সুযোগ লাভ করা।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এক দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মাঝে তিন পরিখা পরিমাণ দূরত্ব সৃষ্টি করবেন; যার দূরত্ব দুই দিগন্তের দূরত্বের থেকে বেশি দূরত্ব হবে।’ (কানজুল উম্মাল, হাদিস: ২৪০১৯)

আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজানে দশ দিন ইতিকাফ করবে, তার আমল দুই হজ ও দুই উমরার সমতুল্য।’ (বাইহাকি, শুয়াবুল ইমান, হাদিস: ৩৬৮১)

ইতিকাফের মাধ্যমে মানুষ আল্লাহর সান্নিধ্য পায়। তার আমলনামা সওয়াবে ভরপুর হয়। ইতিকাফে বসে কেনাবেচা ও ব্যবসা-বাণিজ্য সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। ইতিকাফ অবস্থায় ইজিলোড, ফেক্সিলোড ও অনলাইনভিত্তিক অন্যান্য ব্যবসা করাও নিষেধ। তবে একান্ত প্রয়োজন হলে করা যাবে। তবে সেটা হতে হবে সীমিত সময়ের জন্য। (ফাতাওয়া খানিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ২২২; আদ্দুররুল মুখতার, খণ্ড: ২, পৃষ্ঠা: ৪৪)

 

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের জবাবে বলেন, ‘ইতিকাফ হলো ইবাদতে মগ্ন হওয়ার নাম। এখানে ব্যবসা-বাণিজ্য না করে পরিপূর্ণ ইতিকাফে মনোযোগী হওয়া উচিত। যদি কারও অবস্থা এমন হয় যে, ব্যবসা পরিচালনা না করলে তার পরিবারের খাবারের কষ্ট হবে, তার খাদ্যের কষ্ট হবে, সেক্ষেত্রে তিনি মসজিদে বসে তার কেনাবেচার আইটেমগুলো বাইরে রেখে কেনাবেচা করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘তার ব্যবসা যদি মোবাইলের ওপর নির্ভর থাকে, তাহলে মোবাইল ব্যবহার করা যাবে। তবে মসজিদে বসে টানা মিটিং করা যাবে না। কারণ, এগুলো থেকে মুক্ত থাকার জন্যই ইতিকাফ। যে কাজ না করলে ইতিকাফকারী অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন, সেটা তিনি ইতিকাফে বসে করতে পারবেন।’