সুরা লাহাবের বাংলা উচ্চারণ ও অর্থ

পবিত্র কোরআনের ১১১ নম্বর সুরা- সুরা লাহাব। এটি মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা পাঁচ। এটি কোরআনের ৩০তম পারায় অবস্থিত।
এ সুরায় ইসলামবিরোধী প্রভাবশালী ব্যক্তি আবু লাহাব এবং তার স্ত্রীর ভয়াবহ পরিণতির ঘোষণা দেওয়া হয়েছে।
আবু লাহাব ছিলেন হজরত মুহাম্মদ (সা.)-এর চাচা। রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি ছিলেন ইসলামের প্রবল বিরোধী। যখন নবী (সা.) প্রথমবার প্রকাশ্যে ইসলাম প্রচার করেন এবং কুরাইশদের সতর্ক করেন, তখন আবু লাহাব বিদ্রুপ করে বলেছিলেন, ‘তোমার সর্বনাশ হোক। এজনই কি আমাদের একত্র করেছিলে?।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৯৭১)। এ ঘঠনার পর আল্লাহ সুরা লাহাব নাজিল করেন।
আয়াত: ১
تَبَّتۡ یَدَاۤ اَبِیۡ لَہَبٍ وَّتَبَّ
উচ্চারণ: তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব।
অর্থ: আবু লাহাবের দু্ই হাত ধ্বংস হোক এবং সে নিজে ধ্বংস হয়েই গেছে।
আয়াত: ২
مَاۤ اَغۡنٰی عَنۡہُ مَالُہٗ وَمَا کَسَبَ
উচ্চারণ: মা আগনা আনহু মা লুহু ওয়া মা কাসাব।
অর্থ: তার সম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসেনি।

আয়াত: ৩
سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَہَبٍ
উচ্চারণ: সা ইয়াস লা না রাং যা তা লাহাব।
অর্থ: অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে।
আয়াত: ৪
وَّامۡرَاَتُہٗ حَمَّالَۃَ الۡحَطَبِ
উচ্চারণ: ওয়াম রা তুহু হাম্মা লাতাল হাতাব।
অর্থ: এবং তার স্ত্রীও (প্রবেশ করবে), যে ইন্ধন (খড়ি) বহনকারী।
আয়াত: ৫
فِیۡ جِیۡدِہَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ
উচ্চারণ: ফি জিই দি হা হাবলুম মিম মাসাদ।
অর্থ: তার গলায় থাকবে পাকানো রশি।