আস-সুন্নাহ ফাউন্ডেশনের হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে ৬০০ হজযাত্রী নিয়ে হজ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ এর প্রথম পর্ব সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার আফতাবনগরে ফাউন্ডেশনের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, এই প্রশিক্ষণ কর্মশালায় ৬০০ হজযাত্রী অংশ নেন। প্রায় ১৫০০ আবেদন জমা পড়েছিল। তাদের মধ্যে থেকে বাছাই করে যারা শুধু এ বছরই হজ করতে যাচ্ছেন, প্রশিক্ষণের জন্য তাদের চূড়ান্ত করা হয়।
দিনব্যাপী এ কর্মশালায় প্রায় ৪০০ স্লাইডে হজের ধারাবাহিক বর্ণনা ও মাসয়ালা, উমরার ধারাবাহিক বর্ণনা ও মাসয়ালা এবং মদিনা জিয়ারত বিষয়ে ধারণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়।
হজের প্রস্তুতি ও সহজ সফর বিষয়ে সেশন দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ।
এ ছাড়া হজে স্ট্রেস ম্যানেজমেন্ট (মানসিক চাপ নিয়ন্ত্রণ) বিষয়ে বিশেষ পরামর্শ দেন মোটিভেশনাল স্পিকার ফাহিম আব্দুল্লাহ।
সবশেষে হজযাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শায়খ আহমাদুল্লাহ।
আয়োজকরা জানান, দিনব্যাপী এ কর্মশালায় উপস্থিত কাবার পথের যাত্রীরা এতটাই প্রাণবন্ত ছিলেন, তাদের উদ্দীপনা বারবার এই ধরনের কর্মশালার আয়োজন করতে আমাদের অনুপ্রাণিত করবে। আগামী ১৮ এপ্রিল (শনিবার) একই অডিটোরিয়ামে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।